ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক অ্যাভিয়েশন হাবে পরিণত করতে চাই। আপনাদের সবার সহযোগিতায় আমাদের সেই লক্ষ্য পূরণ হবে। আমরা আপনাদের যেকোনো ধরনের সহযোগিতা করতে সদা প্রস্তুত।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, আমরা অত্যন্ত গর্বের সঙ্গে একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করছি; যা আমাদের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে দেশের আকাশপথ ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা জানান। এর মাধ্যমে ফ্লাইট পরিচালনায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বাড়বে, আকাশসীমার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নিরাপত্তা ঝুঁকি কমবে। আধুনিক প্রযুক্তির সহায়তায় ট্রাফিক মনিটরিং ও নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেবিচক-এর সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়া বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে এবং থ্যালেস দক্ষিণ-পূর্ব এশিয়ার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস বুভেরো।
প্রধান অতিথি আফরোজা খানম বলেন, আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর মাধ্যমে বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। তিনি ফ্রান্স সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা বিমান চলাচলকে আরও নিরাপদ ও কার্যকর করবে এবং আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।
সচিব ফাহমিদা আখতার, এনডিসি বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন এসেছে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার দেশের আকাশপথ ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করেছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের সহযোগিতা এ খাতে পারস্পরিক আস্থার প্রতিফলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ. কে. খন্দকার-এর এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের খবর/এইচআর

