Logo

জাতীয়

সুরক্ষায় লাখো শিশু

সারা দেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২১:০৩

সারা দেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

শিশুদের জীবন রক্ষা করেতে একযোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানে খবের নিয়ে ডেস্ক রিপোর্টে রয়েছে বিস্তারিত তথ্য।

শরীফপুর: শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। জেলায় ১ লাখ ৪৪ হাজার ৭০০ শিশুকে এই টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

খাগড়াছড়ি: জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। পার্বত্য এই জেলায় ১৫১৯টি কেন্দ্রে ৭৯,৪৩২ জন শিশুকে এমআর টিকা প্রদান করা হবে।

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫টি অঞ্চলে ১ লাখ ৭৬ হাজার ১৩১ জন এবং অন্যান্য এলাকায় আরও ৮১,৭৭১ জন শিশুকে টিকা দেওয়া হবে। সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন। এখানে কর্মজীবী মায়েদের সুবিধার্থে বিশেষ সান্ধ্যকালীন টিকাদান ব্যবস্থা রাখা হয়েছে।

নওগাঁ ও ঝিনাইদহ: নওগাঁয় ১১টি উপজেলায় ২৪৬০টি কেন্দ্রে টিকাদান শুরু হয়েছে। ঝিনাইদহে ১ হাজার ৭৬৪টি কেন্দ্রে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে। জেলা প্রশাসক মো. নোমান হোসেন জানান, ঝিনাইদহ বর্তমানে হামের ক্ষেত্রে গ্রিন জোন-এ রয়েছে।

নরসিংদী ও মাগুরা: নরসিংদীতে ১৭৩৬টি কেন্দ্রে ৩ লাখ ১০ হাজার শিশুকে টিকা দেওয়া হচ্ছে। মাগুরায় ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু করেছেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

চুয়াডাঙ্গা ও খুলনা: চুয়াডাঙ্গায় ১ লাখ ৩০৫ জন শিশুর লক্ষ্যমাত্রা নিয়ে ৯৮০টি আউটরিচ কেন্দ্রে কার্যক্রম শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ২২নং ওয়ার্ডে এই কর্মসূচির উদ্বোধন করে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

পার্বত্য জেলা বান্দরবান: জেলা প্রশাসক সামিউল ফেরদৌস এই কার্যক্রমের উদ্বোধন করেন। জেলায় ৭৬টি স্থায়ী ও ৭৬৮টি অস্থায়ী কেন্দ্রে মোট ৬০,২২৭ জন শিশুকে টিকা দেওয়া হবে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): ইউনিসেফের সহযোগিতায় জঙ্গল সলিমপুরে এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান প্রতাপনগরে একটি কমিউনিটি ক্লিনিকে কর্মসূচির উদ্বোধন করেন।

লালমোহন (ভোলা): ৪৪ হাজার ৭৩৯ জন শিশুর লক্ষ্যমাত্রা নিয়ে ২ মে পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এবং ৯ মে পর্যন্ত স্কুল পর্যায়ে কার্যক্রম চলবে।

বগুড়ার কাহালু: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহিজ্জুলাম চৌধুরী উলহট্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন। এখানে ২৩০৩২ জন শিশু টিকা পাচ্ছে।

অন্যান্য উপজেলা: এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়া, টাঙ্গাইলের সখীপুর, পটুয়াখালী সদর, রংপুরের গঙ্গাচড়া, নোয়াখালীর বেগমগঞ্জ এবং মাগুরার সদর উপজেলায় স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে সফলভাবে ক্যাম্পেইন শুরু হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ। বিশেষ করে গর্ভবতী মায়েরা রুবেলায় আক্রান্ত হলে অনাগত শিশুর গুরুতর জন্মগত ত্রুটি হতে পারে। এই ঝুঁকি এড়াতে ইতিপূর্বে টিকা নেওয়া থাকলেও ক্যাম্পেইন চলাকালীন শিশুকে পুনরায় বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১০ মে পর্যন্ত (স্থানভেদে সামান্য পরিবর্তনসহ) শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। অভিভাবকদের নিজ নিজ নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে সুস্থ ও সবল আগামী প্রজন্ম গড়তে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন