Logo

জাতীয়

নিয়োগের অপেক্ষায় ১৫ হাজার প্রার্থী, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৮:১৩

নিয়োগের অপেক্ষায় ১৫ হাজার প্রার্থী, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

সংগৃহীত

রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৬ এপ্রিল) আন্দোলনরত প্রার্থীদের সাত সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নিয়োগ ও পদায়ন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা এবং ভোগান্তির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান।

প্রতিনিধি দলে ছিলেন দেবব্রত, জান্নাতুল ইসলাম টনি, পারভেজ, আফসানা, জান্নাতুল ফেরদৌস শান্তা, ফারজানা ও শিশির।

আন্দোলনকারীরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও দীর্ঘ সময় ধরে নিয়োগ ও পদায়ন প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় ১৫ হাজার প্রার্থী চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়েছেন।

তাদের অভিযোগ, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অধিদপ্তরের পুনঃতদন্ত শেষে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত সুপারিশ করা হয়। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া এবং মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। অনেক প্রার্থী যোগদানের আশায় আগের চাকরি থেকেও অব্যাহতি নিয়েছেন। কিন্তু এখনো নিয়োগ সংক্রান্ত কোনো নির্দেশনা না আসায় তারা দুশ্চিন্তায় রয়েছেন।

আন্দোলনকারীরা আরও বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত নানা খবরে তাদের মানসিক চাপ আরও বেড়েছে। ফলে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে কর্মস্থলে যোগদানের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এর আগে বেলা ১১টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই আন্দোলনকারীরা শাহবাগ সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশের ব্যারিকেডের মধ্যে থেকেই সমাবেশ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।

জানা গেছে, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। পরে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যেখানে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

তবে ফল প্রকাশের আড়াই মাস পার হলেও এখনো যোগদানের নির্দেশনা না পাওয়ায় সুপারিশপ্রাপ্তদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন