নদী এবং সমুদ্রের মতো হাওরেও এক মাস মাছ ধরা নিষিদ্ধ করছে সরকার। প্রতি বছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত (১৫ জ্যৈষ্ঠ থেকে ১৪ আষাঢ়) এক মাস হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে ২০ এপ্রিল গেজেট জারি করেছে সরকার। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ‘প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস অ্যাক্ট, ১৯৫০’-এ দেওয়া ক্ষমতাবলে সরকার ‘প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫’-তে সংশোধন এনে হাওরে মাছ ধরা নিষিদ্ধের এই সিদ্ধান্ত নিয়েছে। বিধিমালায় নতুন একটি বিধি সংযোজন করা হয়েছে।
এর আগে গত ২৫ মার্চ এ ধরনের প্রস্তাবের প্রজ্ঞাপন প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ বিষয়ে আপত্তি বা পরামর্শ জানানোর জন্য দুই মাস সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। এরই মধ্যে দুই মাস পার হয়েছে। পাওয়া মতামতের ভিত্তিতে বিধির অধিকতর সংশোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপনের গেজেটে বলা হয়েছে, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাওরগুলোতে প্রতি বছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ থাকবে। গেজেটে জেলার উপজেলাগুলোর নামও উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের খবর/কেএইচ

