Logo

জাতীয়

ট্রাফিক আইন ভাঙলেই অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা: ডিএমপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৯:৫৬

ট্রাফিক আইন ভাঙলেই অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা: ডিএমপি

সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙলে এবার সিসি ক্যামেরায় শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে সমন কিংবা গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলরত ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এখন থেকে রেজিস্ট্রেশনবিহীন বা ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রে ধারণ করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট মালিক ও চালকদের ঠিকানায় অটো জেনারেটেড নোটিশ পাঠানো হচ্ছে।

জরিমানা যেভাবে পরিশোধ করতে হবে

নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট মালিক বা চালককে ডিএমপি সদর দপ্তর অথবা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইনে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে।

হাজির না হলে কঠোর ব্যবস্থা

ডিএমপি জানিয়েছে, নোটিশ পাওয়ার পরও কেউ হাজির না হলে তাদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির কার্যক্রম নেওয়া হবে। এ প্রক্রিয়া পরিচালনা করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা।

প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

ডিএমপি আরও জানিয়েছে, সিসি ক্যামেরার মামলার জরিমানা পরিশোধের নামে কোনো ব্যক্তি বা চক্র যদি অর্থ দাবি করে বা ব্যক্তিগত তথ্য চায়, তাহলে তা বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে।

এ ধরনের প্রতারণার চেষ্টা হলে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।

যেসব অপরাধে মামলা হবে

সম্প্রতি রাজধানীর বিভিন্ন ট্রাফিক সিগন্যাল ও গুরুত্বপূর্ণ এলাকায় এআই প্রযুক্তিসম্পন্ন উন্নত সিসি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে যেসব অপরাধ শনাক্ত করে মামলা করা হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে- লাল বাতি অমান্য করা, স্টপ লাইন অতিক্রম করা, উল্টো পথে চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো, অবৈধ পার্কিং ও লেফট লেন ব্লক করা ইত্যাদি।

ডিএমপি বলছে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন