Logo

জাতীয়

ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসক সংকট হবে না: স্বাস্থ্যমন্ত্রী

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৬:৪৮

ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসক সংকট হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত চিকিৎসকের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মানুষের জীবন রক্ষাই সরকারের প্রধান অগ্রাধিকার এবং পরিস্থিতি অনুযায়ী চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।

বুধবার (১০ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকার এবং জনগণ সম্মিলিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে নির্ধারিত স্বাস্থ্যবিধি ও প্রটোকল অনুসরণ করার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসকদের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। ডেঙ্গু রোগীর চিকিৎসায় অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি রোগীর প্লাজমা লিক শুরু হলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। তার মতে, প্লাজমা লিকের লক্ষণ দেখা দিলে দ্রুত ফ্লুইড সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে রোগী শকে না চলে যায়।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, পরিস্থিতির অবনতি হলে বা রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হবে এবং অতিরিক্ত জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, “যে কোনো পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা করতে হবে।”

অনুষ্ঠানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রকে আরও উন্মুক্ত করেছিলেন।

এ সময় তিনি জিয়াউর রহমান ও তার সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের কল্যাণে তার নেতৃত্বের সফলতা কামনা করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন