ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে বহু নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৪৯
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে একটি শোকবার্তা পাঠিয়েছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনি, ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি জানান, ৭ দশমিক ৭ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে ৩৮ জনের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিহতদের শোকসন্তপ্ত পরিবার এবং এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার জন্য গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আশা করি, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দুর্দশাগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা ও স্বস্তি বয়ে আনবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সবশেষ তথ্যানুযায়ী নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ভোরে পূর্ব ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ওই ভূমিকম্পের রেশ না কাটতেই সন্ধ্যায় দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পে অসংখ্য ভবন ও অন্যান্য অবকাঠামো ভেঙে পড়েছে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে দেশটির প্রশাসন জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে ধসে পড়া ভবনে উদ্ধার তৎপরতা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়বে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারাইয়ান্তো বলেন, ‘উদ্ধারকারীরা ৪৭টি মরদেহ উদ্ধার করেছেন।’
বাংলাদেশের খবর/এইচআর

