Logo

রাজনীতি

‘জামায়াতে ইসলামী শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০০:১৭

‘জামায়াতে ইসলামী শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি গণভোটে জনগণের বহুল আকাঙ্ক্ষিত রায় ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় দেশবাসীর রায়কে স্বাগত জানিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জামায়াত সংসদের ভেতরে ও বাইরে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে রংপুর মহানগরীর উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পর দেশের বর্তমান সময়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী ইসলামী আদর্শিক দল। তাই জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

জামায়াতে ইসলামীকে শক্তিশালী করার প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে সাধারণ জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছে এবং দলের প্রতি আস্থা রেখেছে। জামায়াতে ইসলামীর সমর্থনে এই বিপুল সংখ্যক ভোটারকে কুরআন-সুন্নাহর আলোকে প্রশিক্ষণ দিতে হবে। তাদেরকে লক্ষ্য করে কর্মী হিসেবে গড়ে তুলতে পারলে সংগঠন দ্রুত একটি শক্তিশালী ভিত্তি লাভ করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সময়ে সংগঠনের সাংগঠনিক দায়িত্ব গতিশীল করা এবং দায়িত্বশীলদের (পুরুষ ও মহিলা) কর্মতৎপরতা আরও জোরদার করার লক্ষ্যে রংপুর মহানগরীর দায়িত্বশীলদের নিয়ে এ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী।

রংপুর মহানগর জামায়াতের কার্যালয়ের হলরুমে মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী, আল আমিন হাসান এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী। এছাড়া মহানগরের প্রতিটি থানা আমির ও সেক্রেটারি এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর