‘আ.লীগকে শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ২১:২০
ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। সেই গৌরবকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা ও টাকা পাচারসহ নানা অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দেওয়া হয়েছে। তাই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে কিংবা শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (৭ মার্চ) ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের নামে ও সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা শুরু হয়েছে। আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। সেই গৌরবকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা ও টাকা পাচারসহ সব অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দেওয়া হয়েছে। তাই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে বা শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আলোকে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়েই সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে।
নাহিদ ইসলাম আরও বলেন, ১২ তারিখের অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। প্রথম অধিবেশনে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। অন্যথায় এগারো দল রাজপথে নামতে বাধ্য হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ এনসিপির কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগীয় নেতৃবৃন্দ।
এএস/

