সংগৃহীত
পবিত্র কাবা শরীফ মুসলমানদের সবচেয়ে সম্মানিত স্থান। তাই অনেক হাজি ও দর্শনার্থী আবেগবশত কাবার গিলাফ (কিসওয়াহ) স্পর্শ করেন, চুমু খান বা জড়িয়ে ধরেন। তবে শরয়ী দৃষ্টিতে শুধু ভালোবাসা বা আবেগের বিষয় আর ইবাদত হিসেবে সওয়াবের বিষয় এক নয়।
শরিয়তের বিধান কী?
ফিকহের নির্ভরযোগ্য কিতাব ও আলেমদের ব্যাখ্যা অনুযায়ী-
হাজরে আসওয়াদ চুম্বন করা সুন্নত (সুযোগ থাকলে)।
রুকনে ইয়ামানি হাত দিয়ে স্পর্শ করা সুন্নত, তবে চুমু নয়।
মুলতাজাম-এ দোয়া করা ও বুকে লাগানো জায়েজ বলে বর্ণিত আছে।
কিন্তু কাবার গিলাফ বা দেয়াল চুম্বন করা সুন্নত বা প্রমাণিত আমল নয়। তাই এটাকে বিশেষ সওয়াবের কাজ মনে করা ঠিক নয়।
গিলাফ চুমু খেলে সওয়াব হবে?
যদি কেউ ইবাদত মনে করে গিলাফ চুমু খান, বিশেষ সওয়াবের নিয়তে- এর পক্ষে সুন্নাহভিত্তিক স্পষ্ট দলিল নেই।
যদি কেউ ভালোবাসা, আবেগ ও সম্মানের কারণে স্পর্শ করেন, তাহলে তাকে গুনাহগার বলা হবে না- তবে এটাকে সুন্নত বা সওয়াবের নির্দিষ্ট আমল বলা যাবে না।
উত্তম করণীয় কী?
কাবা শরীফে গিয়ে সবচেয়ে উত্তম কাজ হলো- তাওয়াফ করা, নামাজ পড়া, বেশি বেশি দোয়া করা, তাওবা ও ইস্তিগফার করা, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানির সুন্নত অনুসরণ করা।
পরিশেষে বলা যায়, কাবার গিলাফ চুমু খাওয়ায় নির্দিষ্ট সওয়াব আছে- এমন প্রমাণ নেই। তাই এটাকে ইবাদত হিসেবে না ধরে, সুন্নত অনুযায়ী আমল করাই উত্তম।
বাংলাদেশেরখবর/আরকে

