Logo

ধর্ম

আদর্শ রাষ্ট্র গঠনে বিশ্বনবী (সা.)

Icon

জনি সিদ্দিক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮

আদর্শ রাষ্ট্র গঠনে বিশ্বনবী (সা.)

মানবজাতির ইতিহাসে এমন বহু ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে, যারা নির্দিষ্ট কোনো ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছেন। কিন্তু একাধারে একজন সফল রাষ্ট্রনায়ক, দূরদর্শী সমাজসংস্কারক, বিচক্ষণ কূটনীতিক এবং সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ধর্মীয় নেতা হিসেবে যিনি বিশ্ব ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করেছেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একটি ধর্মের প্রবর্তক ছিলেন না, বরং মানবতার জন্য একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা এবং আদর্শ রাষ্ট্রের একটি কার্যকর মডেল উপহার দিয়েছেন। এই দ্বৈত সাফল্যের কারণেই তিনি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে এক অনন্য স্থান দখল করে আছেন।

হজরত মুহাম্মদ (সা.) সমগ্র সৃষ্টিজগতের মুক্তির আলোকবর্তিকা হয়ে এসেছিলেন। তার আগমনে অন্ধকারে নিমজ্জিত দুনিয়া পেয়েছিল সত্যের দিশা, মানবতা পেয়েছিল পূর্ণতা। মহান আল্লাহ তাকে সবদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাকে সম্মান ও মর্যাদা দিয়েছেন। তিনি মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি শুধু একজন ধর্মপ্রচারকই নন, বরং ছিলেন আদর্শ শিক্ষক, মহান নেতা, সফল রাষ্ট্রনায়ক এবং মানবতার মুক্তির দূত। আল্লাহ তাআলা তাঁকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। তাঁর জীবনাদর্শ, চরিত্র, ন্যায়পরায়ণতা ও মানবপ্রেম আজও পৃথিবীর মানুষের জন্য অনুকরণীয় আদর্শ।

আমেরিকান ঐতিহাসিক মাইকেল এইচ. হার্ট তাঁর বিশ্বখ্যাত গ্রন্থ “ঞযব ১০০”-তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই তালিকার শীর্ষে রেখে তাঁর প্রভাবের সর্বজনীনতা স্বীকার করেন। উল্লেখ করেন যে, তিনি “ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ সফল।” প্রখ্যাত ব্রিটিশ সাহিত্যিক জর্জ বার্নার্ড শ মন্তব্য করেছিলেন যে, “যদি পুরো বিশ্বের বিভিন্ন ধর্ম ও মতবাদের মানবজাতিকে ঐক্যবদ্ধ করে এক নায়কের শাসনাধীনে আনা হতো, তবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই সর্বাপেক্ষা সুযোগ্য নেতারূপে তাদেরকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে পারতেন।” রুশ ঔপন্যাসিক লিও টলস্টয়ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন।

এই সকল পশ্চিমা মনীষীর মূল্যায়ন থেকে একটি সাধারণ সত্য বেরিয়ে আসে- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রভাব কেবল নৈতিক উপদেশ বা ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি বাস্তব, কার্যকর ও বৈপ্লবিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি, যা একটি বিশৃঙ্খল সমাজ ও রাষ্ট্রকে সভ্যতার আলোকবর্তিকায় রূপান্তরিত করেছিল। এই প্রবন্ধে সেই ঐতিহাসিক প্রক্রিয়া এবং এর পেছনের দার্শনিক ভিত্তিগুলো বিশদভাবে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ তা’য়ালা।


প্রথম অধ্যায়

একটি আদর্শ নগরীর রূপরেখা: মদিনা সনদ

আমরা যদি রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সীরাতকে যথাযথ মূল্যায়ন করতে চাই, তবে আমাদের দেখতে হবে যে, মাত্র দশ বছর সময়কালের মধ্যে তিনি এমন একটি বিশাল রাষ্ট্র গঠন করেছিলেন, যার আয়তন ছিল আমাদের বাংলাদেশের মতো অন্তত ১৬টি দেশের সমান। তাঁর ইন্তেকালের সময় মুসলমানদের জন্য তাঁর রেখে যাওয়া রাষ্ট্রটির আয়তন ছিল পৌনে আট লাখ বর্গমাইল। অথচ বাংলাদেশের আয়তন মাত্র পঞ্চান্ন হাজার বর্গমাইল। প্রায় ১৬টির সমান একটি বিশাল রাষ্ট্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে রেখে গিয়েছিলেন। মাত্র ২০ বছরের মধ্যে সাহাবায়ে কেরাম (রা.) এই রাষ্ট্রের আয়তন ২৬ লাখ বর্গমাইলে সম্প্রসারিত করতে সক্ষম হয়েছিলেন। হযরত উসমান (রা.)-এর খেলাফতকালে দাঁড়িয়েছিল ইসলামি খিলাফতের আয়তন ২৬ লাখ বর্গমাইলে। এটা কোনো কল্পকাহিনী নয়। ইতিহাস আছে, ভূগোল আছে এবং এর প্রমাণ মানচিত্র রয়েছে। প্রতিটি মানচিত্রে এই রেকর্ড লিপিবদ্ধ রয়েছে।

হিজরতের পূর্বে মদিনা (তৎকালীন ইয়াসরিব) ছিল গোত্রীয় সংঘাত ও গৃহযুদ্ধে জর্জরিত একটি বহু-জাতিগত ও বহু-ধর্মীয় সমাজ। এমন একটি নাজুক পরিস্থিতিতে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর মদিনায় আগমন কেবল একজন ধর্মপ্রচারকের আগমন ছিল না, বরং তা ছিল একজন রাষ্ট্রপ্রধানের আগমন, যিনি একটি সম্পূর্ণ নতুন সামাজিক ও রাজনৈতিক কাঠামো গঠনের পরিকল্পনা নিয়ে এসেছিলেন। মদিনায় পৌঁছেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দুটি প্রধান পদক্ষেপ গ্রহণ করেন, তার মধ্যে প্রথমটি ছিল মুহাজির ও আনসার-এর মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল মদিনার বহু-ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদন, যা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। এই সনদটি কোনো নিছক সংবিধান ছিল না, বরং এটি ছিল একটি বহু-পক্ষীয় চুক্তি বা “প্রোটোকল-ইসলামিক পাবলিক ল।” এই সনদের মাধ্যমে, গোত্রীয় সংহতির ধারণাটি একটি বৃহত্তর রাজনৈতিক ও ধর্মীয় ভ্রাতৃত্বে রূপান্তরিত হয়। এই সনদের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেবল একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, বরং জাতি, ধর্ম ও গোত্রের ঊর্ধ্বে একটি রাজনৈতিক সত্তা তৈরি করেছেন, যেখানে সকল নাগরিককে সমানাধিকার দেওয়া হয়েছিল। এবং এই সনদটি ছিল পরবর্তী প্রজন্মের জন্য একটি মডেল।

নবম শতাব্দীর মুসলিম দার্শনিক আল-ফারাবি তাঁর কালজয়ী গ্রন্থ আল-মাদিনা আল-ফাদিলা-তে একটি আদর্শ রাষ্ট্রের যে রূপরেখা দিয়েছিলেন, তার বাস্তব প্রতিফলন দেখা যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রে। তিনি বলতেন, একটি আদর্শ রাষ্ট্রের প্রধান হবেন একজন জ্ঞানী, দূরদর্শী ও ন্যায়পরায়ণ নেতা, যিনি জনগণের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর নেতৃত্ব ছিল তারই সর্বোত্তম দৃষ্টান্ত। তিনি এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যেখানে নৈতিকতা, জ্ঞান ও আমল একে অপরের পরিপূরক ছিল। আজ বর্তমানের শাসকদের মাঝে আমরা এই গুণাবলী দেখতে পাই না। যার ফলে আজ বিশ্বে চরম অধঃপতন ও বিশৃঙ্খলা বিরাজমান। আমরা যদি ঐতিহাসিক মদিনা সনদকে বিশ্লেষণ করি তাহলে নিম্নোক্ত বিষয়গুলোর প্রাধান্য দেখতে পাই-

১. আধুনিক রাষ্ট্রচিন্তায় প্রাসঙ্গিকতা।

২. একটি একক জাতি বা উম্মাহ গঠন।  

৩. জাতি-গঠন ও সামাজিক সংহতি।

৪. প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা।

৫. ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা।  

৬. যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা।

৭. জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার সম্মিলিত দায়বদ্ধতা।

৮. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সর্বোচ্চ বিচারক হিসেবে স্বীকৃতি।  

৯. আইনের শাসন ও সর্বোচ্চ বিচারালয়।  

১০. ব্যক্তিগত অপরাধের দায় ব্যক্তিগত।


দ্বিতীয় অধ্যায়:

রাষ্ট্রীয় কাঠামো ও ন্যায়বিচার: শুরা ও আইনের শাসন

যেকোনো রাষ্ট্রের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার প্রশাসনিক আইন-কানুন ব্যবস্থা। যে রাষ্ট্রের আইন-কানুন যত বেশি শক্তিশালী সে রাষ্ট্র সবচেয়েবেশি সভ্য ও সম্পদশালী। এর বাস্তব মডেল হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর রাষ্ট্র ব্যবস্থা। তেমনি করেই একটি আদর্শ রাষ্ট্রের মূল ভিত্তি হলো তার প্রশাসনিক ও বিচারিক কাঠামো, যা জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর রাষ্ট্র পরিচালনায় পরামর্শভিত্তিক (শুরা) পদ্ধতি চালু করে একটি প্রগতিশীল ও অংশগ্রহণমূলক মডেলের সূচনা করেন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি সাহাবিদের মতামতকে গুরুত্ব দিতেন। পবিত্র কুরআনের একাধিক আয়াতে মুসলমানদেরকে তাদের পারস্পরিক বিষয়েপরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করা হয়েছে, যা ইসলামি শাসনব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধের বীজ বপন করে।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর বিচারিক ব্যবস্থা ছিল নৈতিকতা ও আইনের এক নিখুঁত সমন্বয়। এটি সর্বজনীন, বৈষম্যহীন এবং আল্লাহর প্রদত্ত বিধান দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তিনি এমন একটি বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করেন যেখানে ধনী-গরিব, গোত্রপ্রধান বা সাধারণ মানুষ সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করা হতো। মুসলিম চিন্তাবিদ ইমাম গাজ্জালি তাঁর ইহইয়াউ উলুমুদ্দীন গ্রন্থে বলেছেন যে, “একজন রাষ্ট্রপ্রধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জনগণের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা।” ইমাম গাজ্জালির এই ধারণার বাস্তব প্রতিফলন দেখা যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর জীবনের একাধিক ঘটনায়। এর একটি ঐতিহাসিক উদাহরণ হলো মখজুম গোত্রের এক সম্ভ্রান্ত নারীর চুরির ঘটনা। যখন সাহাবিরা তাঁর জন্য সুপারিশ করতে চাইলেন, তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সুপারিশ প্রত্যাখ্যান করে বলেন, “যদি আমার কন্যা ফাতিমাও এই অপরাধ করত, তবে আমি তার হাত কেটে দিতাম।” এই ঘটনা প্রমাণ করে যে, একটি আদর্শ রাষ্ট্রে ক্ষমতা, মর্যাদা বা ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।


তৃতীয় অধ্যায়

অর্থনৈতিক মডেল ও সামাজিক কল্যাণ

একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি সুবিন্যস্ত অর্থনৈতিক কাঠামো গড়ে তোলেন। যার মূল ভিত্তি ছিল সম্পদের সুষ্ঠু বণ্টন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ। এই কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল যাকাত এবং বাইতুল-মাল। যাকাত ছিল একটি বাধ্যতামূলক অর্থনৈতিক বিধান, যা ধনীদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত আটটি খাতে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য ধার্য করা হয়েছিল। এটি অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে। বাইতুল-মাল ছিল একটি রাষ্ট্রীয় কোষাগার, যা যুদ্ধের গণিমত, যাকাত ও অন্যান্য রাষ্ট্রীয় আয় ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হতো। তবে, প্রাপ্ত সম্পদ প্রায় সঙ্গে সঙ্গেই জনগণের মধ্যে বিতরণ করা হতো, যেন তা মজুদ না থাকে। ইসলামে মজুতদারী হারাম।

মুসলিম দার্শনিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তাঁর আল-মুকাদ্দিমা গ্রন্থে রাষ্ট্রীয় অর্থনীতির গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে, একটি রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করে তার সামাজিক সংহতি এবং অর্থনৈতিক ন্যায্যতার ওপর। শাসক যদি জনগণের কল্যাণে কাজ না করে, তবে রাষ্ট্রের পতন অনিবার্য। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর অর্থনৈতিক মডেল ছিল খালদুন তত্ত্ব্বের একটি সফল বাস্তবায়ন। তিনি এমন একটি ব্যবস্থা গড়ে তুলেছিলেন যেখানে সম্পদ কেবল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত না হয়ে সমাজের সকল স্তরে প্রবাহিত হয়, যা একটি কল্যাণমূলক রাষ্ট্রের মূলভিত্তি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলেন, যেখানে নৈতিকতার উপর জোর দেওয়া হয়। তিনি বেকারত্ব দূরীকরণেও যুগান্তকারী পদক্ষেপ নেন। তিনি ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করেন এবং মানুষকে কাজ করতে উৎসাহিত করেন। তিনি ঘোষণা করেন যে, “নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম।”


চতুর্থ অধ্যায়

সামাজিক সংস্কার ও মানবাধিকার: মানুষের মর্যাদা প্রতিষ্ঠা

প্রাক-ইসলামি আরব সমাজ ছিল গোত্রবাদ, নারী অবমাননা এবং অমানবিক কুসংস্কারে ভরা। এই সমাজের সবচেয়ে জঘন্য দিকগুলোর মধ্যে ছিল কন্যা শিশু হত্যা এবং ক্রীতদাসদের প্রতি অমানবিক আচরণ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সমাজকে একটি বৈপ্লবিক সংস্কারের মাধ্যমে মানবিক মর্যাদা ও সাম্যের ভিত্তি স্থাপন করেন। তিনি নারীর জন্য উত্তরাধিকার, সম্পত্তি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করেন। তিনি দাসদের প্রতি সদয় আচরণের নির্দেশ দেন এবং পাপের কাফফারা হিসেবে দাসমুক্ত করার প্রচলন করেন। পরবর্তীতে দাস প্রথার বিলুপ্তি ঘোষণা করেন। মুসলিম দার্শনিক ইবনে খালদুন তাঁর আসাবিয়াহ তত্ত্বের মাধ্যমে গোত্রভিত্তিক সংহতিকে রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখিয়েছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সবচেয়ে বড় সাফল্য ছিল এই গোত্রীয় সংহতিকে বৃহত্তর মুসলিম উম্মাহর বিশ্বজনীন ভ্রাতৃত্ব ও ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত করা। ইবনে খালদুনের মতে, এই ঐক্যই মুসলিম রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। আর এর চূড়ান্ত ঘোষণা আসে বিদায় হজের ভাষণে। এই ভাষণটি জাতি, বর্ণ ও গোত্রের ঊর্ধ্বে সকল মানুষকে সমান মর্যাদা দেয়, যা আধুনিক মানবাধিকারের অন্যতম পূর্বসূরি হিসেবে বিবেচিত হয়।


পঞ্চম অধ্যায়

দূরদর্শী কূটনীতি ও আত্মরক্ষামূলক যুদ্ধনীতি

একজন আদর্শ রাষ্ট্রনায়কের প্রজ্ঞা কেবল সামরিক শক্তির প্রদর্শনে নয়, বরং যুদ্ধ এড়িয়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নিহিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর জীবন ছিল এই প্রজ্ঞার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলামি রাষ্ট্রকে টিকিয়ে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর যুদ্ধনীতি ছিল আত্মরক্ষামূলক এবং কঠোর মানবিক মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত। তাঁর যুদ্ধগুলো কখনোই আগ্রাসী বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে পরিচালিত ছিল না।

তিনি যুদ্ধকালীন সময়েকিছু কঠোর আচরণবিধি নির্ধারণ করে দেন, যেমন: বেসামরিক মানুষ, নারী ও শিশুদের হত্যা নিষিদ্ধ, শত্রুপক্ষের গাছপালা ও ফসল ধ্বংস করা নিষিদ্ধ এবং যুদ্ধবন্দীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা। এজন্য প্রয়োজনে সাহাবায়ে কেরামরা (রা.) নিজেরা না খেয়ে থেকেছেন তবু যুদ্ধবন্দীদের অনাহারে রাখেননি।

তিনি সর্বদা যুদ্ধ পরিহার করে সন্ধি ও চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী ছিলেন, যার শ্রেষ্ঠ উদাহরণ হলো হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধি মদিনা রাষ্ট্রকে কুরাইশদের পক্ষ থেকে একটি বৈধ রাজনৈতিক সত্তা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি এনে দেয়। ইবনে হিশামের মতে, “এর চেয়ে বড় কোনো বিজয় আগে কখনো আসেনি।” এই সন্ধি প্রসঙ্গে ইমাম গাজ্জালি বলেন, “একজন নেতার সবচেয়ে বড় প্রজ্ঞা হলো সেই পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া, যা আপাতদৃষ্টিতে ক্ষতিকর মনে হলেও দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনে।

হুদাইবিয়ার সন্ধি ছিল তারই প্রতিফলন। এই সন্ধি মুসলিমদের জন্য মক্কা বিজয়ের পথ খুলে দিয়েছিল, যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ।” কিছু আপাত-অন্যায্য শর্তাবলী মক্কার মুসলিমদের উপর নৈতিক চাপ সৃষ্টি করে, যার ফলে কতিপয় সাহাবী (রা.) এর সাময়িক বিরোধিতা করেছিলেন। আমরা যদি ঐতিহাসিক হুদাইবিয়া সন্ধির শর্তাবলী ও কৌশলগত তাৎপর্য বিশ্লেষণ করি তাহলে নিম্নোক্ত বিষয়গুলোর প্রাধান্যতা দেখতে পাই-

১. মদিনা রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করে।

২. মুসলমানরা এ বছর হজ না করেই ফিরে যাবে।

৩. তারা আগামী বছর আসবে এবং মাত্র তিন দিন থেকে চলে যাবে।

৪. কেউ অস্ত্রপাতি নিয়ে আসবে না। শুধুমাত্র আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তলোয়ার সঙ্গে রাখতে পারবে।

৫. মক্কায় যেসব মুসলমান অবশিষ্ট রয়েছে, তাদের কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবে না। আর কোনো মুসলমান মক্কায় ফিরে আসতে চাইলে তাকেও বাধা দেওয়া যাবে না।

৬. কাফের বা মুসলমানদের মধ্য থেকে কেউ মদিনায় গেলে তাকে ফেরত পাঠাতে হবে; কিন্তু কোনো মুসলমান মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না।

৭. আরবের গোত্রগুলো মুসলমান বা কাফের যে কোনো পক্ষের সঙ্গে সন্ধিচুক্তি সম্পাদন করতে পারবে।

৮. এ সন্ধি-চুক্তি ১০ বছরকাল বহাল থাকবে।

হুদাইবিয়া সন্ধির ফলে কুরাইশদের অহংকার প্রশমিত হয় এবং মুসলিমদের সামরিক শক্তি সুসংহত করার সুযোগ পায়। প্রথমদিকে কাফেররা মহাখুশি হলেও পরবর্তীতে কাফেরদের নৈতিকভাবে শোচনীয় পরাজয় হয়। এর ফলে তারা ভেতরে ভেতরে পুড়তে থাকে। অনুশোচনাবোধ তাদেরকে মোহগ্রস্থ করে রাখে।

উপসংহার

অনন্য ও চিরন্তন এক আদর্শ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর প্রতিষ্ঠিত রাষ্ট্র ছিল এক অনন্য মডেল, যা মানবজাতির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাঁর জীবন ও কার্যক্রম থেকে আমরা দেখি যে, তিনি শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না, বরং এক পূর্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত রাষ্ট্রে আল-ফারাবি-এর আদর্শ নগরীর ধারণা, ইমাম গাজ্জালি-এর ন্যায়বিচার ও নেতৃত্বের নৈতিকতা, এবং ইবনে খালদুন-এর সামাজিক সংহতি ও অর্থনীতির তত্ত্ব্বের বাস্তব প্রতিফলন দেখা যায়।

মহানবী সা. মদিনা সনদের মাধ্যমে বহু-ধর্মীয় ও বহু গোত্রীয় সমাজে সহাবস্থানের মডেল তৈরি করেন। শুরা পদ্ধতির মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করেন, এবং আপসহীন বিচারব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করেন। তাঁর অর্থনৈতিক মডেল সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে একটি কল্যাণমূলক রাষ্ট্রের রূপরেখা দেয়, এবং বিদায় হজের ভাষণ বিশ্বজনীন মানবাধিকারের এক চিরন্তন সনদ হিসেবে কাজ করে। আদর্শ রাষ্ট্র গঠনে বিশ্বনবীর অবদান অনন্য ও চিরন্তন।

ঊনবিংশ শতকের বিশিষ্ট জার্মান লেখক, কবি ও রাজনীতিবিদ গ্যেটে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসাধারণ নানা সাফল্য ও মর্যাদার প্রাচুর্যে বিমুগ্ধ হয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, “আমরা ইউরোপীয়রা আমাদের সব ধ্যান-ধারণা নিয়েও এখনও সেইসব বিষয় অর্জন করতে পারিনি যা অর্জন করেছেন মুহাম্মদ এবং কেউই তাঁকে কখনও অতিক্রম করতে পারবে না। আমি ইতিহাসে অনুকরণীয় মানুষের সর্বোত্তম দৃষ্টান্ত খুঁজতে গিয়ে এ ক্ষেত্রে কেবল নবী মুহাম্মদকেই খুঁজে পেয়েছি। আর এভাবেই সত্য অবশ্যই বিজয়ী হবে ও সর্বশ্রেষ্ঠ আসন গ্রহণ করবে, কারণ, মুহাম্মদ সারা বিশ্বকে বশ করেছেন স্বর্গীয় বা ঐশী একত্ববাদের বাণীর মাধ্যমে।”

পরিশেষে, মহানবী (সা.) ছিলেন আল্লাহর সর্বশেষ নবী ও রাসুল। তাঁর মাধ্যমে নবুওয়তের ধারার সমাপ্তি ঘটে। পূর্ববর্তী নবীগণ নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের জন্য প্রেরিত হলেও তিনি সমগ্র মানবজাতির জন্য প্রেরিত হন। তাই তাঁকে “রহমাতুল্লিল আলামিন” বা বিশ্বজগতের রহমত বলা হয়। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আহ্বান করেছেন এবং সত্য, ন্যায় ও শান্তির শিক্ষা দিয়েছেন।

তাঁর শ্রেষ্ঠত্বের অন্যতম দিক হলো তাঁর মহান চরিত্র। নবুওয়ত প্রাপ্তির পূর্বেই তিনি “আল-আমিন” বা বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারও প্রতি অন্যায় করতেন না এবং সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলতেন। তাঁর দয়া, ক্ষমাশীলতা ও সহানুভূতি ছিল অসাধারণ। যারা তাঁর ওপর অত্যাচার করেছিল, তাদের প্রতিও তিনি ক্ষমাশীল আচরণ করেছেন। মক্কা বিজয়ের দিন তিনি তাঁর শত্রুদের সাধারণ ক্ষমা ঘোষণা করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

বিশ্বনবী (সা.) ছিলেন সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনব্যবস্থা মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা দেয়। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কীভাবে সততা, ন্যায়পরায়ণতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ নিয়ে জীবনযাপন করতে হয়। তাঁর জীবন অনুসরণ করলে ব্যক্তি ও সমাজ উভয়ই শান্তি ও কল্যাণ লাভ করতে পারে।

মহানবী (সা.)-এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাঁর উম্মতের প্রতি গভীর ভালোবাসা। তিনি সর্বদা তাঁর অনুসারীদের কল্যাণ কামনা করতেন এবং তাদের দুঃখ-কষ্টে ব্যথিত হতেন। কিয়ামতের দিনও তিনি তাঁর উম্মতের জন্য শাফাআত করবেন বলে ইসলামে বর্ণিত হয়েছে। এছাড়া তাঁর ওপর অবতীর্ণ কুরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি অত্যন্ত সাধারণ ও বিনয়ী জীবনযাপন করতেন। মহান মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অহংকার করতেন না। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেন এবং সকল মানুষের সঙ্গে সদাচরণ করতেন। তাঁর জীবন ছিল মানবতার সেবায় নিবেদিত।

মুহাম্মদ (সা.)-এর শ্রেষ্ঠত্ব ও বিশেষ বৈশিষ্ট্য মানবজাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি, ন্যায় ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।

লেখক: প্রাবন্ধিক, কামিল/এম.এ, সালনা, গাজীপুর।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন