Logo

ধর্ম

সৌদিতে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, নিহত বেড়ে ৬

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:১০

সৌদিতে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, নিহত বেড়ে ৬

ছবি: সংগৃহীত

সৌদি আরবে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে মোট ছয়জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রী হলেন— জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), যিনি মদিনায় মৃত্যুবরণ করেন এবং শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮), যিনি মক্কায় মারা যান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান। মারা যাওয়া ছয়জনই পুরুষ; তাদের মধ্যে পাঁচজন মদিনায় এবং একজন মক্কায় মৃত্যুবরণ করেন।

এদিকে, এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন তিন হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রী পরিবহনের ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন