Logo

ধর্ম

হজ কবুলের জন্য নিয়ত ও উপার্জন হতে হবে শুদ্ধ: কাবার ইমাম

Icon

ধর্ম ডেস্ক:

প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:০৭

হজ কবুলের জন্য নিয়ত ও উপার্জন হতে হবে শুদ্ধ: কাবার ইমাম

সংগৃহীত

হজ কবুল হওয়ার জন্য নিয়ত বিশুদ্ধ রাখা এবং হালাল উপার্জনের অর্থে হজ পালন করার ওপর গুরুত্বারোপ করেছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ আল জুহানি। তিনি বলেন, হজের আগে প্রত্যেক মুসলমানকে আত্মশুদ্ধি ও আন্তরিকতার সঙ্গে প্রস্তুতি নিতে হবে, তবেই আল্লাহর দরবারে হজ কবুল হওয়ার আশা করা যায়।

শুক্রবার (৮ মে) পবিত্র মক্কার মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম এসপিএ।

খুতবায় শায়খ আবদুল্লাহ আল জুহানি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, হজ শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদত নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক মহিমান্বিত সফর।

তিনি আরও বলেন, পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানের সময় হজযাত্রীদের সর্বোচ্চ শিষ্টাচার ও আদব বজায় রাখা উচিত। পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষার পাশাপাশি একে অপরের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান তিনি।

হজযাত্রীদের নিরাপত্তা ও সেবায় সৌদি সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে কাবার ইমাম বলেন, অভিজ্ঞ আলেমদের দিকনির্দেশনা এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে হজ ব্যবস্থাপনা এখন আরও সহজ ও কার্যকর হয়েছে।

খুতবার শেষ অংশে তিনি হজযাত্রীদের উদ্দেশে বলেন, এই আধ্যাত্মিক সফরকে কাজে লাগিয়ে মহান আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, “শুদ্ধ ও সঠিকভাবে পালন করা হজের প্রতিদান একমাত্র জান্নাত।” তাই এই মহামূল্যবান সুযোগ যেন কেউ অবহেলায় নষ্ট না করেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন