মাত্র ৪৪ দিনের ব্যবধানে আবারও কোচশূন্য হয়ে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব টটেনহ্যাম হটস্পার। ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচ ইগর টিউডর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ছাড়ার পর এখন নতুন স্থায়ী কোচের সন্ধানে নেমেছে স্পার্স কর্তৃপক্ষ। ক্লাবটির পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ব্রাইটনের সাবেক মাস্টারমাইন্ড রবার্তো ডি জার্বি।
মার্শেইর সাবেক এই ইতালিয়ান কোচ টটেনহ্যামের
দায়িত্ব নিতে আগ্রহী হলেও একটি শর্ত জুড়ে দিয়েছেন। প্রিমিয়ার লিগে স্পার্সের ভাগ্য
কী হবে—অর্থাৎ তারা রেলিগেশন
এড়াতে পারবে কি না, তা নিশ্চিত হওয়ার পরই কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তিনি। তবে
ডি জার্বিকে নিয়ে ক্লাবের সমর্থকদের একটি বড় অংশের মধ্যে ক্ষোভ রয়েছে। ম্যানচেস্টার
ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ম্যাসন গ্রিনউডকে সমর্থন করায় স্পার্সের এলজিবিটিকিউ+
সমর্থক গোষ্ঠী 'প্রাউড লিলিহোয়াইটস' তার নিয়োগের বিরোধিতা করছে।
নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত
হওয়ার পর টটেনহ্যাম এখন রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট দূরে দাঁড়িয়ে। এমন সংকটময়
মুহূর্তে দলকে টেনে তুলতে 'শর্ট-টার্ম' বা স্বল্প মেয়াদে শন ডাইচকে নিয়োগের চিন্তা
করছে ক্লাবটি। প্রিমিয়ার লিগে দল টিকিয়ে রাখার ক্ষেত্রে ডাইচের সুনাম থাকলেও তিনি অন্তত
১৮ মাসের চুক্তির দাবিতে অটল।
সমর্থকদের বড় অংশের চাওয়া সাবেক সফল কোচ
মাউরিসিও পচেত্তিনোকে ফিরিয়ে আনা। তবে আসন্ন বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র জাতীয় দলের
দায়িত্ব ছেড়ে এখনই তার আসা প্রায় অসম্ভব। এছাড়া আপদকালীন সমাধান হিসেবে ক্লাবের ঘরের
ছেলে রায়ান মেসন, হ্যারি রেডন্যাপ কিংবা বর্তমান খেলোয়াড় বেন ডেভিসের নামও আলোচনায়
রয়েছে। অন্যদিকে, সাবেক মোনাকো কোচ আদি হুটার এখনই দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেছেন।
টটেনহ্যামের প্রধান নির্বাহী ভিনাই ভেঙ্কটেশম
ও স্পোর্টিং ডিরেক্টর জোহান লাঞ্জের সামনে এখন বড় চ্যালেঞ্জ—ভুল শুধরে এমন
কাউকে আনা, যিনি এই ডুবন্ত জাহাজকে রক্ষা করতে পারবেন।
বাংলাদেশের খবর/ এম.আর

