বিগ ব্যাশের বর্ষসেরার মনোনয়ন পেলেন বাংলাদেশের রিশাদ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:২১
বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল) নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে বল হাতে নিয়মিত দ্যুতি ছড়ানোর স্বীকৃতিস্বরূপ এবার দলটির ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন তিনি। ক্রিকেট তাসমানিয়ার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সামনে রেখে আজ এই তালিকা প্রকাশ করা হয়।
২০২৫-২৬ বিগ ব্যাশ মৌসুমে প্রথমবারের মতো
অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে নেমে ১১ ইনিংসে বল করে শিকার করেছেন ১৫ উইকেট, যা চলতি
মৌসুমে দলটির বোলারদের মধ্যে সর্বোচ্চ। কেবল উইকেট পাওয়াই নয়, অস্ট্রেলিয়ার পেস-বান্ধব
ও ফ্ল্যাট পিচেও অত্যন্ত নিয়ন্ত্রিত বোলিং করেছেন এই লেগি। টুর্নামেন্টে তার বোলিং
গড় ২০.৮৬ এবং ইকোনমি রেট ছিল মাত্র ৭.৮২; যেখানে তার সেরা বোলিং ফিগার ২৬ রানে ৩ উইকেট।
রিশাদের ঘূর্ণি ও বিশেষ করে তার কার্যকর
‘গুগলি’ সামলাতে
খোদ ডেভিড ওয়ার্নারের মতো বিশ্বসেরা ব্যাটারদেরও হিমশিম খেতে দেখা গেছে। মূলত তার
ধারাবাহিক ব্রেকথ্রু দেওয়ার ক্ষমতা হোবার্টকে টুর্নামেন্টের প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। হোবার্ট হারিকেন্সের বর্ষসেরার দৌড়ে রিশাদের সঙ্গে লড়াই করছেন আরও তিন
ক্রিকেটার। মনোনয়ন পাওয়া অন্য তিন খেলোয়াড় হলেন দলটির অধিনায়ক ও অভিজ্ঞ পেসার
নাথান এলিস, ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডান এবং ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার নিখিল
চৌধুরী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সমর্থন এবং পরিসংখ্যানের বিচারে রিশাদ
হোসেনকেই অনেকে এই পুরস্কারের মূল দাবিদার বলে মনে করছেন।
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি
হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। তবে সাকিবের পর তিনিই প্রথম বাংলাদেশি
ক্রিকেটার, যিনি অস্ট্রেলিয়ার এই হাই-প্রোফাইল লিগে এমন অভাবনীয় সাফল্য পেলেন। বুধবার
ক্রিকেট তাসমানিয়ার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে
ঘোষণা করা হবে। এর পরপরই ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যম এবং ওয়েবসাইটে চূড়ান্ত বিজয়ীর
নাম প্রকাশ করা হবে। রিশাদ যদি শেষ পর্যন্ত এই পুরস্কার জেতেন, তবে সেটি হবে বাংলাদেশের
ক্রিকেটের জন্য এক অনন্য অর্জন।
বাংলাদেশের খবর/ এম.আর

