Logo

খেলা

ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশে আসছে কিউই দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:২৩

ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশে আসছে কিউই দল

টম ল্যাথাম

প্রায় দুই বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে আইপিএল এবং চোটের কারণে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ মূল সারির একাধিক তারকাকে ছাড়াই ঢাকা আসছে কিউইরা। আসন্ন ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি সিরিজের জন্য অভিজ্ঞ টম ল্যাথামকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

বর্তমানে ভারতে চলমান আইপিএলে ব্যস্ত আছেন মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্র, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই ব্যস্ততার কারণেই মূলত বাংলাদেশের বিপক্ষে সিরিজে তুলনামূলক তরুণ ও অনভিজ্ঞ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথামের আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও স্কোয়াডের বাকিদের অর্ধেকেরই অভিজ্ঞতা নগণ্য।

নিউজিল্যান্ডের এই সফরের বড় খবর হলো চোট কাটিয়ে ফেরা তিন পেসার—ম্যাথিউ ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। পিঠের চোট কাটিয়ে ও’রুর্ক ফিরছেন ওয়ানডে দলে, মাংসপেশির চোট সেরে ফিশার জায়গা পেয়েছেন টি-টোয়েন্টিতে। অন্যদিকে অভিজ্ঞ ব্লেয়ার টিকনার দুই ফরম্যাটেই ডাক পেয়েছেন। দলের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, "বোলিং আক্রমণে গভীরতা বাড়াতে এই তিনজনের ফেরা আমাদের জন্য দারুণ খবর।"

ঘরোয়া ক্রিকেটে (ফোর্ড ট্রফি) দুর্দান্ত পারফর্ম করে প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। এছাড়া মোহাম্মদ আব্বাস, ক্যাটেন ক্লার্ক এবং বেভিন জ্যাকবসের মতো তরুণ প্রতিভাদের অন্তর্ভুক্তি কিউই দলটিকে এক নতুন চেহারা’ দিয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে। কিউইদের বিপক্ষে এই সিরিজ রেটিং পয়েন্ট বাড়ানোর বড় সুযোগ টাইগারদের সামনে।

নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। এরপর ১৭ ও ২০ এপ্রিল (মিরপুর) এবং ২৩ এপ্রিল (চট্টগ্রাম) ওয়ানডে সিরিজ এবং ২৭ ও ২৯ এপ্রিল (চট্টগ্রাম) এবং ২ মে (মিরপুর) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

একনজরে নিউজিল্যান্ডের দুই স্কোয়াড

ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

টি-টোয়েন্টি স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ক্যাটেন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাথিউ ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন