গত বছরের নভেম্বরে হৃদরোগজনিত (কার্ডিয়াক) জটিলতায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। সেই অসুস্থতার জেরে মাত্র ৩৪ বছর বয়সে ফুটবল থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর সঙ্গে ২০২৭ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল অস্কারের। চলতি সপ্তাহেই তিনি সেই চুক্তির ইতি টানবেন।
নভেম্বরে সাও পাওলো ক্লাবের বাররা ফুন্ডা ট্রেনিং সেন্টারে এক্সারসাইজ বাইকে ফিটনেস পরীক্ষার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এর আগে ২০২৪ সালের শেষদিকে ফ্রি এজেন্ট হিসেবে চীন অধ্যায় শেষে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফেরেন অস্কার।
ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তিনি গতকাল জানিয়েছেন, সাও পাওলোর জন্য আমি আরও বেশি কিছু করতে এবং আরও বেশি খেলতে চেয়েছিলাম। ধারণা ছিল আমার সেই সক্ষমতা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই পরিস্থিতিতে পড়ি। এখন আমি অবসরে যাচ্ছি এবং সাও পাওলোকে একজন ভক্ত হিসেবে সমর্থন করে যাব।
ক্লাব ফুটবলে অস্কার উপভোগ্য সময় কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসিতে। ২০১২ সালে সেখানে যোগ দেওয়ার পর তিনি একটি ইউরোপা লিগ এবং দু’বার প্রিমিয়ার লিগ টাইটেল জেতেন। ২০১৬-১৭ মৌসুমের মাঝপথে ৭৩ মিলিয়ন ডলারে যোগ দেন চাইনিজ ক্লাবে। সেখানে তিনটি সুপার লিগ শিরোপাজয়ী এই মিডফিল্ডার এশিয়ান ফুটবলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ে পরিণত হন।
সম্ভাবনা নিয়ে ব্রাজিল জাতীয় দলে এলেও ২০১৫ সালের পর অস্কারকে আর সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জার্সিতে দেখা যায়নি। ব্রাজিলের হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচে ১২ গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

