Logo

খেলা

ফুটবল বিশ্বকাপ

ইংল্যান্ড-স্কটল্যান্ড সমর্থকদের পকেট কাটছে ফিফা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৯:৩০

ইংল্যান্ড-স্কটল্যান্ড সমর্থকদের পকেট কাটছে ফিফা

ফুটবল বিশ্বকাপ

আগামী জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ম্যাচগুলোর টিকিটের দাম সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে গেছে। ফিফার অফিশিয়াল রিসেল’ বা পুনঃবিক্রয় প্ল্যাটফর্মে টিকেটের দাম মূল মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি হাঁকা হচ্ছে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ফুটবল সমর্থকরা।

বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের গ্রুপ পর্বের ছয়টি ম্যাচের জন্য বর্তমানে প্রায় ৬ হাজারেরও বেশি টিকেট রিসেল প্ল্যাটফর্মে জমা পড়েছে। ফিফা বর্তমানে সরাসরি কোনো টিকেট বিক্রি করছে না, ফলে দর্শকদের এই পুনঃবিক্রয় প্ল্যাটফর্মের ওপরই নির্ভর করতে হচ্ছে। আর এই সুযোগেই বিক্রেতারা টিকেটের দাম বাড়িয়ে দিয়েছেন বহুগুণ।

উদাহরণস্বরূপ, ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচের ক্যাটাগরি-৩ টিকেটের আসল দাম যেখানে ২০২ ডলার (১৬১ পাউন্ড), সেখানে রিসেল প্ল্যাটফর্মে তা বিক্রি হচ্ছে ৮৯৮ ডলারে (৬২৮ পাউন্ড)। অর্থাৎ, দর্শকদের মূল দামের চেয়ে তিন গুণেরও বেশি অর্থ গুনতে হচ্ছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ক্যাটাগরি-৪ টিকেটের ক্ষেত্রে। মাত্র ৬০ ডলারের টিকেট কেউ কেউ ১,৯৫৫ ডলার পর্যন্ত দাম চেয়েছেন।

স্কটল্যান্ড সমর্থকদের জন্যও দুঃসংবাদ নিয়ে এসেছে মিয়ামিতে হতে যাওয়া ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচটি। এই হাইভোল্টেজ ম্যাচের সবচেয়ে কম দামি টিকেটের জন্য দর্শকদের গুনতে হচ্ছে ১,১৫০ ডলার, যার আসল দাম ছিল মাত্র ৩১০ ডলার। এমনকি একটি টিকেটের দাম ১ লাখ ৪৩ হাজার পাউন্ড (প্রায় ২ কোটি টাকা) পর্যন্ত উঠতে দেখা গেছে! আশ্চর্যের বিষয় হলো, এই চড়া মূল্যের প্রতিটি বিক্রয় থেকে ফিফা ৩০ শতাংশ কমিশন পাচ্ছে (ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ১৫ শতাংশ করে)। বিশেষজ্ঞরা বলছেন, ফিফা চাইলেই টিকেটের দামের ওপর একটি ঊর্ধ্বসীমা (ক্যাপ) নির্ধারণ করে দিতে পারত, যা তারা করেনি।

ম্যাঞ্চেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ল’র অধ্যাপক মার্ক জেমস বলেন, ফিফা চাইলে মূল দাম বা তার আশেপাশে টিকেটের দাম সীমিত রাখতে পারত। কিন্তু এত বড় টুর্নামেন্টে এমন বিশৃঙ্খল পরিস্থিতি আগে দেখা যায়নি।”

গ্রুপ পর্বের চেয়েও ভয়াবহ অবস্থা নক-আউট ও ফাইনাল ম্যাচের টিকেটে। ফাইনাল ম্যাচের একটি টিকেটের দাম রিসেল সাইটে ১ লাখ ৮৪ হাজার ডলার পর্যন্ত চাওয়া হয়েছে। সেমিফাইনালের টিকেটের সর্বনিম্ন দাম শুরু হচ্ছে ৩,১০৫ ডলার থেকে। ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের টমাস কনক্যানন জানিয়েছেন, অনেক সমর্থক এখনই টিকেট না কিনে দাম কমার অপেক্ষায় আছেন। তারা আশা করছেন, টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ফিফা যদি নতুন করে কোনো টিকেট ছাড়ে, তবে হয়তো দাম কিছুটা কমতে পারে। তবে আপাতত সাধারণ দর্শকদের জন্য এই বিশ্বকাপ বিলাসবহুল’ ইভেন্টে পরিণত হয়েছে।

বাংলাদেশের খবর/এম.আর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন