বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২০:২০
২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠ ওয়েম্বলিতে উরুগুয়ের সঙ্গে ১-১ ড্রয়ের পর জাপানের কাছে ১-০ গোলে হেরেছে টমাস টুখেলের শিষ্যরা। এই দুই ম্যাচের ব্যর্থতার পর এখন সবার নজর টুখেলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের দিকে। অডিশন পর্ব শেষ, এবার চূড়ান্ত দল ঘোষণার পালা। টুখেল বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী কোর গ্রুপ বা মূল দল এরই মধ্যে গুছিয়ে নিয়েছেন।
এই তালিকায় হ্যারি কেন, বুকায়ো সাকা, ডিক্লান রাইস, মার্ক গেহি এবং অ্যান্থনি গর্ডনের মতো তারকাদের জায়গা প্রায় নিশ্চিত। উরুগুয়ে ম্যাচে বিশ্রামে থাকলেও এই ১১ জন খেলোয়াড়ই টুখেলের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
সবাইকে সুযোগ দিতে গিয়ে টুখেল ৩৫ জনের
একটি বিশাল বহর নিয়ে ক্যাম্প শুরু করেছিলেন। কিন্তু উরুগুয়ে ও জাপান ম্যাচে অনেকেই
কোচের মন জয় করতে পারেননি। হ্যারি ম্যাগুয়ার এবং বেন হোয়াইট ভালো খেললেও টুখেলের
মন্তব্য অনুযায়ী তারা ‘পঞ্চম চয়েস’ হিসেবে তালিকায় আছেন। অন্যদিকে, ফিলের ফোডেনের প্রত্যাশিত
পারফরম্যান্স করতে না পারা নিয়ে কোচ সরাসরি প্রশ্ন তুলেছেন। সবচেয়ে বড় দুঃসংবাদ অ্যারন
র্যামসডেল, ফিকায়ো তোমোরি এবং ডমিনিক ক্যালভার্ট-লুইনের জন্য। ক্যাম্প শেষে তাদের
ক্লাবগুলোতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, যার অর্থ বিশ্বকাপে তাদের জায়গা পাওয়ার সম্ভাবনা
খুবই ক্ষীণ।
জাপান ম্যাচে হ্যারি কেনের অনুপস্থিতিতে
ইংল্যান্ডের আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন। ম্যাচ শেষে টুখেল স্বীকার করেছেন,
"হ্যারি কেন ছাড়া কোনো দলেই আগের মতো ধার থাকে না। এটিই স্বাভাবিক।" ওয়েম্বলিতে
গ্যালারি থেকে দর্শকদের দুয়ো ধ্বনিই বলে দিচ্ছিল, দলের বর্তমান পারফরম্যান্সে সমর্থকরা
কতটা হতাশ।
পরাজয়ে হতাশ হলেও টুখেল আত্মবিশ্বাসী।
তিনি বলেন, "আমি হারতে ঘৃণা করি, তবে এই ক্যাম্পই আমাদের বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ
করবে না। আগামী দুই মাসে আমাদের খেলোয়াড়দের ফিটনেস ফিরে পাওয়া এবং চূড়ান্ত নামগুলো
বেছে নেওয়ার ওপর গুরুত্ব দেব।"
ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য এখন শেষ সুযোগ
প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রমাণ করা। জুনে যুক্তরাষ্ট্রের বিমানে
চড়ার আগে কার ভাগ্যে শিকে ছিঁড়বে, তা নিয়ে এখন টানটান উত্তেজনা তুঙ্গে।
বাংলাদেশের খবর/এম.আর

