ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিতে হবে: মাহমুদউল্লাহ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২০:১৫
মাহমুদউল্লাহ রিয়াদ
দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)।
শনিবার থেকে শুরু হয়েছে ক্লাবগুলোর আনুষ্ঠানিক
দলবদল। উৎসবমুখর পরিবেশে প্রথম দিনেই নিজের নতুন ঠিকানা নিশ্চিত করেছেন অভিজ্ঞ ক্রিকেটার
মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি নাম লিখিয়েছেন তার পুরনো ক্লাব প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে।
গেল কয়েক মাস ধরে লিগ আয়োজন নিয়ে বিসিবি
ও ক্লাবগুলোর মধ্যে যে অচলাবস্থা বিরাজ করছিল, তা নিরসনে অগ্রণী ভূমিকা পালন করেছেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির বর্তমান সভাপতি তামিম ইকবাল।
আজ সিসিডিএম কার্যালয়ে দলবদলের আনুষ্ঠানিকতা
শেষে মাহমুদউল্লাহ রিয়াদ লিগ শুরুর পুরো কৃতিত্বই দিলেন তামিমকে।
মাহমুদউল্লাহ বলেন, “সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা
মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।
এই কৃতিত্ব তামিমকেই দিতে হবে। সে দায়িত্ব নিয়ে এই উদ্যোগটা নিয়েছে। পেশাদার ক্রিকেটারদের
জন্য এটা যেমন আয়ের বড় উৎস, তেমনি দিনশেষে আমাদের পরিচয় মাঠে খেলা। খেলার সুযোগ পাওয়ার
চেয়ে বড় কিছু নেই।”
২০০৫ সালে সর্বশেষ প্রাইম ব্যাংক ক্রিকেট
ক্লাবের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ। দীর্ঘ ২১ বছর পর আবারও পুরনো ডেরায় ফিরতে পেরে
উচ্ছ্বসিত এই সাইলেন্ট কিলার। ক্লাবের সুযোগ-সুবিধা ও খেলোয়াড়দের পেশাদারিত্বের প্রশংসা
করে তিনি বলেন, “প্রাইম ব্যাংক বছরের পর বছর ধরে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা ও পারিশ্রমিক
নিশ্চিত করার ক্ষেত্রে শীর্ষ মান বজায় রেখেছে। তাদের ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার
জন্য।”
এবারের আসরে প্রাইম ব্যাংক বেশ ভারসাম্যপূর্ণ
দল গড়েছে বলে মনে করেন মাহমুদউল্লাহ। দলে তরুণ ও অভিজ্ঞদের দারুণ সমন্বয় নিয়ে তিনি
বলেন, “আমাদের টপ অর্ডারে
আজিজুল হাকিম তামিম ও দিপুর মতো প্রতিভাবানরা আছে। মিডল অর্ডারে আমি আর পাটোয়ারী থাকছি।
বোলিংয়ে তানজিম সাকিব ও এনামুলদের নিয়ে আমাদের পেস ও স্পিন বিভাগ বেশ শক্তিশালী। সব
মিলিয়ে আমি এই দল নিয়ে খুবই সন্তুষ্ট।”
দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও প্রশাসনিক
রদবদলের কারণে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত মাসে
তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির বিশেষ কমিটি ক্লাবগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করে আর্থিক
ও কারিগরি বিষয়গুলো সমাধান করে। আজকের দলবদলের মধ্য দিয়ে সেই অচলাবস্থা পুরোপুরি কেটে
গেল। সিসিডিএম সূত্রে জানা গেছে, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই লিগের খেলা মাঠে গড়াবে।
শনিবার প্রথম দিনে প্রাইম ব্যাংক ছাড়াও
আরও কয়েকটি ক্লাবের প্রতিনিধি ও খেলোয়াড়রা দলবদলে অংশ নেন। লিগ শুরুর এই ঘোষণায় স্বস্তি
ফিরেছে প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগের কয়েকশ ক্রিকেটারের মনে।
বাংলাদেশের খবর/এম.আর

