লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা
নারী সাফে ভারতের গ্রুপে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:৪৩
বাংলাদেশ নারী ফুটবল দল
সাফ নারী ফুটবলের হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযানে কঠিন গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আগামী মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ২০২৬ নারী সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও মালদ্বীপ। বুধবার ঢাকায় সাফ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী ছয়টি দলকে সাম্প্রতিক ফিফা
র্যাঙ্কিং অনুযায়ী তিনটি পটে ভাগ করে ড্র পরিচালনা করা হয়। ড্র শেষে দেখা যায়, ‘এ’ গ্রুপে লড়বে
নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে ডিফেন্ডিং
চ্যাম্পিয়ন বাংলাদেশ ও স্বাগতিক ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ
দুটি দল সেমিফাইনালের টিকিট পাবে।
বাংলাদেশ নারী ফুটবল দল ২০২২ ও ২০২৪ সালে
টানা দুইবার নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। এবার ঋতুপর্ণা
চাকমা ও মারিয়া মান্দাদের সামনে সুযোগ টানা তৃতীয়বারের মতো ট্রফি উঁচিয়ে ধরার। তবে
এবারের পথটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের
অবস্থান ১১২তম। যদিও গত মার্চে এশিয়ান কাপের কঠিন গ্রুপে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের
কাছে হেরে কিছুটা রেটিং পয়েন্ট হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, তবে সাফের মঞ্চে তারা
সবসময়ই ফেভারিট।
টুর্নামেন্টকে সামনে রেখে আগামীকাল থেকেই
চট্টগ্রামে নিবিড় অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। দেশের বাইরেও কয়েকটি
প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের। ভারতের সঙ্গে বর্তমান রাজনৈতিক সম্পর্কের
ইতিবাচক উন্নয়নের প্রেক্ষাপটে ক্রীড়া মন্ত্রণালয় এই সফরে সবুজ সংকেত দিয়েছে।
পুরো টুর্নামেন্টটি ২৫ মে শুরু হয়ে চলবে
৬ জুন পর্যন্ত। গ্রুপ পর্বের লড়াইয়ে ভারতকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে
নেপালকে এড়াতে পারবে বাংলাদেশ, যা হ্যাটট্রিক শিরোপার পথকে আরও সুগম করবে বলে মনে করছেন
ফুটবল বিশ্লেষকরা।
বাংলাদেশের খবর/এম.আর

