চীনের সানিয়ায় চলমান ষষ্ঠ এশিয়ান বিচ গেমসে বৃহস্পতিবার বাংলাদেশের জন্য ছিল একটি সফল দিন। কাবাডি ও ভলিবল—উভয় বিভাগেই দাপুটে জয় তুলে নিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। পুরুষ কাবাডি দল সিরিয়াকে বিশাল ব্যবধানে বিধ্বস্ত করার পাশাপাশি নারী দল হারিয়েছে শক্তিশালী থাইল্যান্ডকে। অন্যদিকে, ভলিবলেও লাওসকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
এশিয়ান বিচ গেমস কাবাডিতে বৃহস্পতিবার জোড়া জয় পেয়েছে বাংলাদেশ। বিকেলে পুরুষ দল সিরিয়ার বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলে। প্রথমার্ধেই ২৯-৮ পয়েন্টে এগিয়ে থেকে জয়ের পথ পরিষ্কার করে ফেলে তারা। শেষ পর্যন্ত ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে সিরিয়াকে হারিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দলের রেইডাররা যেমন প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে পয়েন্ট আদায় করেছেন, তেমনি রক্ষণভাগও ছিল অভেদ্য।
-69ea3780ba973.jpg)
এর আগে সকালে নারী দল টুর্নামেন্টের অন্যতম
শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে। প্রথমার্ধেই
১০ পয়েন্টের লিড নিয়ে জয়ের সুবাস পেতে শুরু করে টাইগ্রেসরা। রক্ষণভাগ এবং রেইডিং—উভয়
বিভাগেই থাইল্যান্ডকে টেক্কা দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই ১৭ পয়েন্টের ব্যবধানের
জয় টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে নারী কাবাডি দল।
কাবাডির সাফল্যের দিনে বালুর কোর্টে জয়
পেয়েছে বাংলাদেশের ভলিবল দলও। পুরুষদের ইভেন্টে বাংলাদেশ ২-০ সেটে লাওসকে পরাজিত করেছে।
প্রথম সেটে ২১-৯ পয়েন্টের সহজ জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে লাওস কিছুটা প্রতিরোধের
চেষ্টা করলেও ২১-১০ পয়েন্টে জিতে ম্যাচ নিশ্চিত করে বাংলাদেশ। শুক্রবার নিজেদের পরবর্তী
ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে লড়বেন হরষিত বিশ্বাস ও তাঁর সতীর্থরা।
বাংলাদেশের খবর/এম.আর

