এশিয়ান বিচ গেমস
চাইনিজ তাইপেকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের পদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২০:৫০
চীনের পর্যটন শহর সানিয়ায় চলমান এশিয়ান বিচ গেমসে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়াচ্ছে নারী কাবাডি দল। টুর্নামেন্টে নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রেখে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। আর এর মধ্য দিয়ে আসরে বাংলাদেশের অন্তত একটি পদক জয়ও নিশ্চিত হলো।
শনিবারের ম্যাচে শুরু থেকেই চাইনিজ তাইপেকে
কোণঠাসা করে রাখে বাংলাদেশ। কৌশলী রেইড এবং শক্তিশালী ডিফেন্সের সামনে দাঁড়াতেই পারেনি
তাইপের খেলোয়াড়রা। ম্যাচের প্রথমার্ধে লড়াই কিছুটা সমানে-সমান মনে হলেও ২৫-১১ পয়েন্টে
এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণাত্মক রূপ
আরও ভয়াবহ হয়ে ওঠে। তাইপের রক্ষণভাগকে রীতিমতো তছনছ করে দিয়ে একের পর এক পয়েন্ট ছিনিয়ে
নেয় বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে
দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টে হারিয়ে আসর
শুরু করেছিল বাংলাদেশ।
এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টের নিয়ম
অনুযায়ী, কোনো দল সেমিফাইনালে উঠতে পারলেই তাদের ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যায়। চীন
থেকে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ নিশ্চিত করেছেন যে, টুর্নামেন্টের
টেকনিক্যাল রুলস অনুযায়ী সেমিফাইনালিস্টদের জন্য ব্রোঞ্জ পদক বরাদ্দ থাকে। টানা দুই
জয়ে বাংলাদেশ গ্রুপ থেকে সেমিফাইনালে পা রাখায় আসরের প্রথম পদকটি এখন বাংলাদেশের ঝুলিতে।
বর্তমানে গ্রুপ পর্বে বাংলাদেশ ও নেপাল—উভয় দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। দুই দলই সেমিফাইনাল
নিশ্চিত করেছে। আগামীকাল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই প্রতিবেশী
দেশ। তবে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচটি অনেকটা নিয়মরক্ষার হলেও গ্রুপ চ্যাম্পিয়ন
হয়ে অন্য গ্রুপের রানার্স-আপের মুখোমুখি হতে চাইবে বাংলাদেশ।
নারী দল যখন সাফল্যের জোয়ারে ভাসছে, তখন
পুরুষ কাবাডি দল থেকে এসেছে হতাশার খবর। আসরে টানা দ্বিতীয় হারে টুর্নামেন্ট থেকে বিদায়
ঘণ্টা বেজেছে বাংলাদেশের পুরুষদের। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর আজ ইরানের
শক্তিশালী দলের বিপক্ষে ৪৭-৩১ পয়েন্টের ব্যবধানে হেরেছে তারা। ইরানের বিপক্ষে ম্যাচে
প্রথমার্ধে লড়াই করার চেষ্টা করলেও টেকনিক্যাল দক্ষতায় পিছিয়ে পড়ে বাংলাদেশ। তিন ম্যাচ
শেষে মাত্র ২ পয়েন্ট পাওয়ায় সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে পুরুষ দল। ফলে নারী দল
পদক নিশ্চিত করলেও পুরুষ দলকে ফিরতে হচ্ছে শূন্য হাতে।
বিচ কাবাডিতে বাংলাদেশের নারীদের এই সাফল্যকে
অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা। সাধারণত ইনডোর কাবাডিতে বাংলাদেশ
শক্তিশালী হলেও বালুর কোর্টে মানিয়ে নেওয়া
চ্যালেঞ্জিং ছিল। কিন্তু থাইল্যান্ড ও চাইনিজ তাইপের মতো দ্রুতগতির দলকে হারিয়ে বাংলাদেশ
প্রমাণ করেছে যে তারা কন্ডিশনের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে।
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ
সোহাগ বলেন, “আমাদের লক্ষ্য
ছিল পদক। মেয়েরা সেটি নিশ্চিত করেছে। এখন আমাদের লক্ষ্য ব্রোঞ্জকে রুপা বা সোনাতে রূপান্তর
করা। নেপালের বিপক্ষে কালকের ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা সেমিফাইনালে
সহজ প্রতিপক্ষ পেতে চাই।”
চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের এই
আসরে এশিয়াজুড়ে বহু ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এই গেমসে বাংলাদেশের
নারী কাবাডি দলের এই দাপুটে জয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও উন্মাদনা সৃষ্টি করে নেপালের
বিপক্ষে ম্যাচের পর সেমিফাইনালের সূচি নির্ধারিত হবে।
বাংলাদেশের খবর/এম.আর

