Logo

খেলা

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল টাইগাররা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৮:২৩

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল টাইগাররা

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ।

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে নিউজিল্যান্ডের দেয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও ১২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই প্রথম কিউইদের বিপক্ষে ১৮৩ রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ।

কিউইরা ২০ ওভারে তোলে ১৮২ রান। বাংলাদেশ সেই লক্ষ্য তাড়া করে তুড়ি বাজিয়ে। হৃদয় অপরাজিত থাকেন ২৭ বলে ৫১ রান করে। কার্যকর ছোট্ট ঝড়ে ১৪ বলে ২৮ করেন পারভেজ। ফিনিশার শামীম নিজের সেরা ব্যাটিংয়ের ঝলক দেখিয়ে ১৩ বলে অপরাজিত থাকেন ৩১ রানে। প্রথম ১০ ওভারে ৭৭ রান তোলা দল পরের ৮ ওভারে করে ১০৬ রান।

দেশের মাঠে বাংলাদেশের রান তাড়ায় জয়ের কীর্তি এটি। গত নভেম্বরে এই মাঠেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭১ রান তাড়ায় জয় ছিল আগের রেকর্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই বাউন্ডারিতে ম্যাচ শুরু করে নিউ জিল্যান্ড। শরিফুল ইসলামের প্রথম ওভারে ক্লার্কের দুটি বাউন্ডারির পর দ্বিতীয় ওভারে বাংলাদেশ পায় ব্রেক থ্রু। বিপজ্জনক টিম রবিনসনকে দুর্দান্ত সরাসরি থ্রোয়ে রান আউট করেন তাওহিদ হৃদয়।

তাতে অবশ্য কিউইদের পরিকল্পনায় বদল আসেনি। তিনে নামা ক্লেভার শুরু থেকেই আগ্রাসনের পথ বেছে নেন।। ক্লার্কও ছিলেন একই পথেরই সঙ্গী। পাওয়ার প্লেতে রান ওঠে ৬১। জুটির পঞ্চাশ আসে ২৮ বলে।

বাংলাদেশের কাছ থেকে কিছুটা সহায়তাও পান ক্লার্ক। ১২ রানে তাকে রান আউট করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন পারভেজ হোসেন ইমন, ১৮ রানে তাকে এলবিডব্লিউ দিতে পারতেন আম্পায়ার, ৪৪ রানে রিশাদের বলে তার সহজ ক্যাচ ছাড়েন সাইফ।

ক্যারিয়ারের প্রথম দু্‌ই টি-টোয়েন্টিতে ১১ রান করা ব্যাটসম্যান প্রথম ফিফটির দখা পান ৩৪ বলে। আরেকপ্রান্তে ক্লেভার আরও আগেই ফিফটি করে ফেলেন ২৭ বলেই। দ্বাদশ টি-টোয়েন্টিতে তার দ্বিতীয় ফিফটি এটি।

৫০ বলে ৮৮ রানের জুটি থামে ক্লেভারের বিদায়ে। রিশাদকে টানা দুটি বাউন্ডারিতে চার মেরে ফিফটি করে পরের বলেই বেজে যায় তার বিদায় ঘণ্টা (২৮ বলে ৫১)। রিশাদ পরের ওভারে ফিরিয়ে দেন ক্লার্ককেও (৩৭ বলে ৫১)। পরের উইকেটেও ছোঁয়া ছিল রিশাদের। চোট কাটিয়ে ফেরা তানজিম হাসানের বলে বেভন জ্যাকবসের ক্যাচ নেন তিনি। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা ডিন ফক্সক্রফটকে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন শেখ মেহেদি হাসান।

কিউইদের রানের গতিও কমে যায় ওই সময়। ১০ ওভারে ১০০ করা দল পরের ৫ ওভারে তুলতে পারে কেবল ৩০ রান। মেঘলা আকাশের কারণে ফ্লাড লাইটে চলছিল খেলা। ষোড়শ ওভারে ফ্লাড লাইটের সমস্যায় খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। 

রানের থমকে আসা গতিতে দম দেন অধিনায়ক নিক কেলি (২৭ বলে ৩৯)। শেষ দিক ক্যামিও খেলে দলকে ১৮০ পার করান জশ ক্লার্কসন (১৪ বলে ২৭)। ২০২৩ এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলা পেসার রিপন মন্ডল জাতীয় দলে প্রথম ম্যাচে খুব ভালো কিছু করতে পারেননি।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড একাদশ

টিম রবিনসন, কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথিউ ফিশার, বেন লিস্টার

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল‍্যান্ড: ২০ ওভারে ১৮২/৬ (ক্লার্ক ৫১, রবিনসন ০, ক্লেভার ৫১, কেলি ৩৯, জ‍্যাকবস ১, ফক্সক্রফট ৩, ক্লার্কসন ২৭*, স্মিথ ২*; শরিফুল ৪-০-৩৬-১, তানজিম ৪-০-৪০-১, রিপন ৪-০-৩৯-০, মেহেদি ৪-০-৩১-১, রিশাদ ৪-০-৩২-২)।

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (সাইফ ১৭, তানজিদ ২০, লিটন ২১, হৃদয় ৫১*, পারভেজ ২৮, শামীম ৩১*; স্মিথ ৩-০-৩৩-১, ফিশার ৪-০-৫৩-০, লিস্টার ৪-০-২৩-০, সোধি ৪-০-৪০-২, ক্লার্কসন ৩-০-২৮-১)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: তাওহিদ হৃদয়


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন