মোহাম্মদ সালাহ
দীর্ঘ ৯ বছরের গৌরবোজ্জ্বল অধ্যায়ের ইতি টেনে চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডে তার শেষটা ইনজুরির মেঘে ঢাকা পড়লেও, লিভারপুল ম্যানেজার আর্নে স্লট আশ্বস্ত করেছেন যে, ক্লাব ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার মাঠ থেকেই রাজকীয় বিদায় সংবর্ধনা পাবেন। গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন সালাহ। তখন শঙ্কা জেগেছিল যে, লিভারপুলের জার্সিতে সেটিই বুঝি তার শেষ ম্যাচ।
তবে ভক্তদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে
ক্লাব কর্তৃপক্ষ। ৩৩ বছর বয়সী এই তারকার মাংসপেশির চোট গুরুতর নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের
বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ স্লট নিশ্চিত করেছেন, মৌসুম শেষ
হওয়ার আগেই সালাহ মাঠে ফিরবেন। স্লট বলেন, “সে আমাদের হয়ে আবারও খেলতে পারবে। যদি
কোনো খেলোয়াড় বড় ধরনের বিদায়ী সংবর্ধনার যোগ্য হয়, তবে সেটা অবশ্যই সালাহ।”
সালাহর জন্য এই বিদায়ী মৌসুমটি ছিল বেশ
নাটকীয়। গত ডিসেম্বরে ফর্মহীনতার কারণে কোচ আর্নে স্লটের সঙ্গে তার প্রকাশ্য মতবিরোধ
দেখা দেয়। টানা তিন ম্যাচে বেঞ্চে থাকার পর সালাহ ক্ষোভ উগড়ে দিয়ে বলেছিলেন, কোচের
সঙ্গে তার ‘কোনো সম্পর্ক
নেই’। তবে সব মান-অভিমান সরিয়ে সালাহ এখন দলগত লক্ষ্যেই মনোযোগী। সালাহ নিজেই জানিয়েছেন,
তিনি স্বেচ্ছায় এবং হাসিমুখে অ্যানফিল্ড ছাড়ছেন। কিংবদন্তি স্টিভেন জেরার্ডকে দেওয়া
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পুরো মৌসুমজুড়ে আমার মনে হয়েছে এখনই যাওয়ার সঠিক সময়। আমি নিজের সিদ্ধান্তে
খুশি।”
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার
পর সালাহ ক্লাবটিকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগসহ সম্ভাব্য সব শিরোপা জিতিয়েছেন।
৪৪০ ম্যাচে ২৫৭ গোল করে তিনি এখন ক্লাবের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। তার সামনে কেবল ইয়ান
রাশ ও রজার হান্টের মতো কিংবদন্তিরা রয়েছেন। লিভারপুলের হাতে এখন লিগের মাত্র চারটি
ম্যাচ বাকি। শিরোপা দৌড় থেকে ছিটকে পড়লেও ভক্তদের নজর এখন প্রিয় ‘মিশরীয় রাজার’ শেষ ম্যাচের দিকে।
ধারণা করা হচ্ছে, ব্রেন্টফোর্ডের বিপক্ষে
মৌসুমের শেষ হোম ম্যাচেই সালাহকে আনুষ্ঠানিকভাবে জমকালো বিদায় জানাবে লিভারপুল। সালাহ
নিজেও আত্মবিশ্বাসী যে, তার ফুটবলার হিসেবে আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে এবং ক্যারিয়ারের
পরবর্তী গন্তব্য নিয়ে তার হাতে বেশ কিছু আকর্ষণীয় বিকল্প রয়েছে। মোহাম্মদ সালাহর প্রস্থান
কেবল লিভারপুল নয়, পুরো ইংলিশ প্রিমিয়ার লিগের জন্যই একটি যুগের অবসান হতে যাচ্ছে।
বাংলাদেশের খবর/এম.আর

