Logo

খেলা

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৬, ২০:৫৭

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি

বাংলাদেশ ক্রিকেটে ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি হিসেবে এক সময় গাড়ি উপহার দেওয়ার রীতি ছিল বেশ জনপ্রিয়। দীর্ঘ দুই দশকের বিরতি শেষে সেই রাজকীয় পুরস্কারের সংস্কৃতি আবারও ফিরছে মিরপুরে। আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য সীমিত ওভারের সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটারকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি বিলাসবহুল গাড়ি।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি এবং চীনা অটোমোবাইল জায়ান্ট চেরি’র মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবালের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়।

বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতে নানা উদ্যোগ নিচ্ছেন তামিম ইকবাল। সবশেষ নিউজিল্যান্ড ও চলমান পাকিস্তান সিরিজে সেরা পারফর্মারদের জন্য বাইকের ব্যবস্থা রাখা হলেও, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ে ক্রিকেটারদের বাড়তি উৎসাহ দিতে এবার সরাসরি গাড়ির ঘোষণা দিলেন তিনি।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, সামনে অস্ট্রেলিয়া সিরিজ। সেখানে বাংলাদেশের বেস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’কে একটি গাড়ি উপহার দেবে চেরি। এটি ক্রিকেটারদের জন্য যেমন সম্মানের, তেমনি বিসিবির জন্যও ইতিবাচক। প্রায় ২০ বছর পর এই ঐতিহ্য ফিরছে। সর্বশেষ ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের প্রথম টেস্ট সিরিজ জয়ের পর আমার বড় ভাই নাফিস ইকবাল একটি নিশান গাড়ি পেয়েছিলেন। এরপর আর এমন বড় পুরস্কার দেখা যায়নি।”

গত কয়েক বছরে বিসিবির ব্যবসায়িক সুনাম ও রেপুটেশনে যে ঘাটতি তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠার ইঙ্গিত হিসেবে বড় বড় স্পন্সরদের ফিরে আসাকে দেখছেন তামিম। তিনি যোগ করেন, চেরির মতো ব্র্যান্ড বিসিবির সাথে যুক্ত হওয়া মানেই হলো আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। গত দুই বছরে যে ড্যামেজ হয়েছিল, তা থেকে আমরা বের হয়ে আসছি। আমার জন্য নয়, স্পন্সররা বিসিবির ওপর আস্থা রেখেই বিনিয়োগ করতে এগিয়ে আসছে।” জানা গেছে, উপহার হিসেবে দেওয়া এই চেরি গাড়ির আনুমানিক বাজারমূল্য ৩০ থেকে ৩৫ লাখ টাকা।

আগামী ৯ জুন থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য গতকালই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও প্যাট কামিন্স, মিচেল স্টার্ক বা জশ হ্যাজেলউডের মতো তারকা পেসাররা বিশ্রামের কারণে স্কোয়াডে নেই, তবে মিচেল মার্শের নেতৃত্বে আসা দলটিতে রয়েছেন মারনাস লাবুশেন, ট্রাভিস হেড ও অ্যাডাম জাম্পার মতো বিধ্বংসী ক্রিকেটাররা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলি পেকে ও লিয়াম স্কটের মতো উদীয়মান তারকারাও। অজিদের দল নিয়ে তামিম ইকবাল বলেন, আমি অস্ট্রেলিয়ার স্কোয়াড দেখেছি। তারা সম্ভাব্য সেরা দলই পাঠাচ্ছে। দুই-একজন বড় নাম মিসিং থাকলেও তারা বিশ্বের অন্যতম সেরা শক্তি। আমাদের জন্য এটি অনেক বড় চ্যালেঞ্জ হবে। কোচ, অধিনায়ক ও নির্বাচকরা এটা নিয়ে কাজ করছেন। আমি আশাবাদী যে ঘরের মাঠে আমরা ভালো করব।”

সিরিজের সময়সূচী ও ভেন্যু: অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াই শুরু হবে আগামী ৯ জুন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৯, ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। এরপর চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন