Logo

খেলা

মিরপুর টেস্টে বিশ্বরেকর্ড গড়া হলো না শান্তর

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৬, ২১:০০

মিরপুর টেস্টে বিশ্বরেকর্ড গড়া হলো না শান্তর

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১০১ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও তিনি ছিলেন শতকের দ্বারপ্রান্তে। কিন্তু ব্যক্তিগত ৮৭ রানে আউট হয়ে যাওয়ায় মাত্র ১৩ রানের জন্য জোড়া সেঞ্চুরি মিস করার পাশাপাশি একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগও হাতছাড়া করলেন এই বাঁহাতি ব্যাটার।

মঙ্গলবার টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার মিশনে সতর্ক ব্যাটিং করছিলেন শান্ত। মধ্যাহ্নভোজের বিরতির আগে থেকেই পাকিস্তানি স্পিনার নোমান আলিকে রিভার্স সুইপ খেলে বেশ কিছু বাউন্ডারি আদায় করে নেন তিনি। কিন্তু এই অতি আত্মবিশ্বাসই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। ৮৭ রানে থাকা অবস্থায় নোমানের একটি বল আবারও রিভার্স সুইপ করতে গিয়ে মিস করেন শান্ত। বল সরাসরি প্যাডে আঘাত করলে আম্পায়ার আউটের সংকেত দেন। শান্ত রিভিউ নিলেও লাভ হয়নি, ৮৭ রানেই থামতে হয় তাঁকে।

টেস্ট ইতিহাসের পাতায় নাম লেখানোর এক সুবর্ণ সুযোগ ছিল শান্তর সামনে। যদি তিনি সেঞ্চুরি করতে পারতেন, তবে বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে ক্যারিয়ারে তিনবার একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়তেন তিনি। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এই রেকর্ডটি আছে কেবল তিন কিংবদন্তির দখলে— ভারতের সুনীল গাভাস্কার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নার। ১৩ রানের জন্য তাঁদের পাশে বসা হলো না টাইগার অধিনায়কের।

এর আগে শান্ত দু’বার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। ২০২৩ সালে মিরপুরেই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৬ এবং দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করেছিলেন। এরপর ২০২৫ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ১৪৮ ও ১২৫ রানের দুটি মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন