Logo

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৭:০২

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, এটি আরও ঘনীভূত হতে পারে। 

এর প্রভাবে বুধবার (১৩ মে) সন্ধ্যার মধ্যেই দেশের ৯ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর রাজারহাটে। একই সময়ে নেত্রকোনায় ৪০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া দিনাজপুরে ১১ মিলিমিটার, রংপুরে ৭ মিলিমিটার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ মিলিমিটার এবং নীলফামারীর সৈয়দপুর ও সিলেটে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তাপমাত্রার দিক থেকেও ছিল অস্বস্তিকর পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় পাবনার ঈশ্বরদী ও যশোরে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বর্তমান পরিস্থিতিতে আগামী পাঁচ দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন