দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব অব্যাহত থাকলেও আবহাওয়ার পূর্বাভাসে মিলেছে স্বস্তির আভাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের ৪১ জেলার ওপর বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তবে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, যা তাপমাত্রা কমাতে সহায়ক হবে।
বুধবার (৩ জুন) প্রকাশিত আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে এটি টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও তুলনামূলক বেশি থাকায় মানুষের ভোগান্তি বেড়েছে। তবে আগামী কয়েক দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া ধাপে ধাপে ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের আরও কিছু এলাকায় বৃষ্টির বিস্তার ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী কয়েক দিনের পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির পরিমাণ ক্রমেই বাড়বে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে এবং গরমের তীব্রতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ুর অগ্রগতির সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের ঘটনাও বাড়তে পারে। তাই নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং বজ্রপাতজনিত ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে দীর্ঘদিনের তাপদাহের পর আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশের খবর/এইচআর

