Logo

ক্যাম্পাস

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৭:৫০

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫

সংগৃহীত

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি পুরো ক্যাম্পাসজুড়ে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন করা হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন–কে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীদের একাংশ আন্দোলন শুরু করে এবং সেদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

তিনি আরও জানান, রোববার সকালে শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনে নামলে কিছু বহিরাগত ব্যক্তি উপাচার্যের পক্ষে অবস্থান নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা আলাদা। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞ ও যোগ্য কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া উচিত। তারা প্রতিষ্ঠানের বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়ার বিরোধিতা করছেন।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন