বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির পিসা বিশ্ববিদ্যালয়ে আকর্ষণীয় স্কলারশিপ
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৭:০১
সংগৃহীত
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাধিক আকর্ষণীয় স্কলারশিপ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইতালির অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পিসা বিশ্ববিদ্যালয়। এ কর্মসূচির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ইতালিয়ান সরকারের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে আবেদন করতে কোনো ধরনের ফি লাগবে না।
আগ্রহী প্রার্থীরা আগামী সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।
১৩৪৩ সালে প্রতিষ্ঠিত পিসা বিশ্ববিদ্যালয় ইতালির অন্যতম শীর্ষ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২০টি একাডেমিক বিভাগ রয়েছে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি, পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি এবং গণিতবিদ ভিতো ভলতেরার মতো খ্যাতিমান ব্যক্তিত্ব এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ২ হাজার ৪০০ ইউরো অনুদান দেওয়া হবে। এই অর্থ শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ব্যয় নির্বাহে সহায়তা করবে।
যেসব স্কলারশিপের সুযোগ রয়েছে-
পিসা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় বৃত্তি
‘ইনভেস্ট ইউর ট্যালেন্ট ইন ইতালি’ (Invest Your Talent in Italy) বৃত্তি
ডিএসইউ (DSU) বৃত্তি
আবেদনের যোগ্যতা
স্কলারশিপের জন্য আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং পিসা বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে। এছাড়া ভালো একাডেমিক ফলাফল ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করা যাবে। সেখানে আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
উচ্চশিক্ষায় ইউরোপে পড়াশোনার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ হতে পারে একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বাংলাদেশেরখবর/আরকে

