Logo

রাজধানী

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:০৮

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

রাজধানীর ব্যস্ততম এলাকা বনানীর একটি ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪২ নম্বর বাড়িতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বহুতল ভবনের ওপরের তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

প্রাথমিক তথ্যানুযায়ী, ভবনটির ওপরের তলায় একটি কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কন্ট্রোল রুমের অপর এক কর্মকর্তা জানান, ভবনের অষ্টম তলা থেকেও আগুনের শিখা দেখা গেছে। ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বনানীর মতো ঘিঞ্জি এলাকায় আগুন লাগার খবরে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধারকাজে সহযোগিতা করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের চারপাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন