পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সকল দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। মার্কেট-শপিংমলগুলো সন্ধ্যা ৭ টার পরিবর্তে রাত ১০ পর্যন্ত খোলা রাখার আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত নতুন আদেশ জারি করা হয়েছে।
ইরান যুদ্ধের পর জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গত ৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
ওই চিঠিতে বলা হয়েছিল, দেশের শপিংমল, দোকানপাট, মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি সকল বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে বলা হয়।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে ক্রেতা-সমাগম ও কেনাকাটার চাপ বিবেচনায় নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়ানোর জন্য সমিতির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সময় বাড়ানোর বিষয়টি অনুমোদন দিয়েছে।
সমিতি জানিয়েছে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের খবর/কেএইচ

