Logo

রাজধানী

প্রেম সংক্রান্ত বিষয়ে কথাকাটাকাটি, তরুণের গলায় ফাঁস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৬:৩৪

প্রেম সংক্রান্ত বিষয়ে কথাকাটাকাটি, তরুণের গলায় ফাঁস

ঢাকার লালবাগের একটি বাসা থেকে মো. তানজিল হোসেন (২১) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দিনগত রাত ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (৩ জুন) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, খবর পেয়ে মঙ্গলবার দিনগত রাতে লালবাগের নিউ পল্টন লাইনের একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ওই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই সালাম আরও জানান, মঙ্গলবার রাতে একটি মেয়ের সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটি হয় তানজিলের। একপর্যায়ে নিজ ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত তানজিল রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের বাসিন্দা মোহাম্মদ রাজনের ছেলে। বর্তমানে লালবাগের নিউ পল্টন লাইনের একটি বাসায় ভাড়ায় থাকতেন তিনি।

বাংলাদেশের খবর/কেএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন