লাপাত্তা পাঁচ নিরাপত্তাকর্মী
মিরপুরে গয়নার দুই দোকান থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:০১
প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সে গয়নার দুটি দোকান থেকে প্রায় ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। ঘটনার পর মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। পুলিশের প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
দারুস সালাম থানার পুলিশ বলছে, রোববার (২৬ জুলাই) ভোর ৫টা ৫৬ মিনিটের দিকে চুরির ঘটনাটি ঘটে। শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার আল রাজ্জাক জুয়েলার্স এবং এ হোসেন জুয়েলার্স থেকে স্বর্ণালংকারগুলো চুরি হয়। দোকান দুটির মালিক যথাক্রমে জসিম উদ্দিন ও আবুল হোসেন।
পুলিশের ভাষ্য, মার্কেটের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি গয়নার দোকানগুলোর পক্ষ থেকেও একজন নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাকে মিষ্টির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে মার্কেটের নিরাপত্তাকর্মীদের চুরিতে অংশ নিতে দেখা গেছে।
এ ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চুরি হওয়া কোনো স্বর্ণালংকারও উদ্ধার হয়নি।
আল রাজ্জাক জুয়েলার্সের মালিক জসিম উদ্দিন বলেন, মার্কেটের সিসিটিভি ফুটেজে কয়েকজন নিরাপত্তাকর্মীকে চুরির ঘটনায় অংশ নিতে দেখা গেছে।
তিনি বলেন, আমার দোকান থেকে প্রায় ২০০ ভরি এবং পাশের দোকান থেকে প্রায় ৫৯ ভরি স্বর্ণালংকার নেওয়া হয়েছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, প্রাথমিক হিসাবে আল রাজ্জাক জুয়েলার্স থেকে প্রায় ২০০ ভরি এবং এ হোসেন জুয়েলার্স থেকে প্রায় ৫৯ ভরি স্বর্ণালংকার চুরির তথ্য পাওয়া গেছে। এটি একটি সুপরিকল্পিত চুরির ঘটনা। প্রাথমিক তদন্তে জানা গেছে, মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরাই এতে জড়িত। তাদের সঙ্গে আরও তিন থেকে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি ছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশের খবর/আরইউ

