Logo

রাজধানী

ঢাকার সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৩

আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা

ছবি: সংগৃহীত

ঢাকার ফার্মগেট, কারওয়ান বাজার ও মিরপুর-১ সংলগ্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা ও হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন (৪১ বিএন)-এর ৩০ জন সদস্য।

রাজধানীর ব্যস্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হয়।

সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ডিএনসিসি প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অভিযান শুরু হয়। ফার্মগেট থেকে জিয়া উদ্যান, সংসদ ভবন, কারওয়ান বাজার, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন, পাইকপাড়া হয়ে মিরপুর-১ সংলগ্ন এলাকা পর্যন্ত সড়ক ও ফুটপাতের উভয় পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনবিহীন বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইন অপসারণের পাশাপাশি সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে স্থাপিত বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা ও হকার উচ্ছেদ করা হয়। 

অভিযানটি সুষ্ঠু, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরিচালক (৪১ বিএন) মো. জানে আলম সুফিয়ানের নির্দেশক্রমে কোম্পানি কমান্ডার মো. ইমাম মেহেদির নেতৃত্বে ৩০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে ১০ জন সশস্ত্র সদস্য ছিলেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অভিযানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৮ জন সদস্যও অভিযানে দায়িত্ব পালন করেন।

অভিযান চলাকালে রাষ্ট্রীয় কাজে অসহযোগিতার কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে ফার্মগেট এলাকায় তিনজনকে আনসার ব্যাটালিয়ন সদস্যরা আটক করেন। পরবর্তীতে বিধি মোতাবেক তাদের মধ্যে দুজনকে ১০ হাজার টাকা করে এবং অপর একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আনসার ব্যাটালিয়ন সদস্যদের দায়িত্বশীল ভূমিকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তৎপরতায় অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছেন। সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সরকারি কার্যক্রমে নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের স্বাভাবিক চলাচল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন