Logo

সারাদেশ

স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় দুর্যোগ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৩০

স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা ছাড়া বড় দুর্যোগ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশের খবর

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারি সংস্থাগুলোর একার পক্ষে ভূমিকম্প, আগুন বা বন্যার মতো বড় ধরনের দুর্যোগ মোকাবিলা করা কঠিন। এ ক্ষেত্রে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা পেশাদার বাহিনীর গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভূমিকম্পের মতো জটিল দুর্যোগে শুধু পেশাদার বাহিনী পর্যাপ্ত নয়। সব শ্রেণির স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। উপযুক্ত দক্ষতা অর্জন ছাড়া কার্যকর উদ্ধার তৎপরতা সম্ভব নয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হলো স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করা, সম্মান জানানো ও তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার দিন। বিশ্বের সব ভলান্টিয়ারের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাই।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, পরিচালক ও উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা দুই শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকও অংশ নেন।

স্বেচ্ছাসেবকদের বিভিন্ন প্রদর্শনী, অগ্নিনির্বাপণ অনুশীলন, ভূমিকম্পোত্তর উদ্ধার মহড়া ও সচেতনতামূলক সেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

এন বি আকাশ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দিবস উদযাপন ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন