Logo

সারাদেশ

শেরপুরে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

Icon

শেরপুর, বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৮

শেরপুরে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ার শেরপুরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মো. সিরাজের একটি নির্বাচনী প্রচার কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে এই ঘটনা ঘটে। 

​স্থানীয় সূত্রে জানা গেছে, কালসীমাটি গ্রামের ৫নং ওয়ার্ডের (৪ ও ৫নং ওয়ার্ডের সম্মিলিত) নির্বাচনী কার্যালয়টি লক্ষ্য করে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। অফিসের সামনের চা দোকানদার মো. মিন্টু মিয়া জানান, রাত দুইটা পর্যন্ত আমি দোকানেই ছিলাম। তখন অফিসের ভেতরে লাইট জ্বলছিল। আমি বাসায় যাওয়ার পর রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময় এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।

​খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন।

​ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান দুলাল দাবি করেন, শনিবার স্থানীয় একটি বিদ্যালয় মাঠে ধানের শীষের বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বিপুল জনসমাগম দেখে প্রতিপক্ষ রাজনৈতিক দল ঈর্ষান্বিত হয়ে এই কাণ্ড ঘটিয়েছে। তিনি আরও বলেন, পথসভার সময় থেকেই তারা মোটরসাইকেল নিয়ে উস্কানিমূলক মহড়া দিচ্ছিল। নির্বাচন বানচাল ও নিশ্চিত পরাজয় জেনেই তারা এই অপতৎপরতা চালাচ্ছে।

উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনসাধারণের জোয়ার দেখে ভয় পেয়ে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুল ওয়াদুদ/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন