Logo

সারাদেশ

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৪:২১

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

নওগাঁর আত্রাইয়ে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে নিজ বাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাসন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর ঘাতক স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (০৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও তাদের দুই বছরের শিশুকন্যা জিনি সরকার।

স্থানীয়রা জানান, নিহত জয় সরকার দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য এবং বেপরোয়া আচরণের কারণে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। স্বামীর মাদকাসক্তি সইতে না পেরে স্ত্রী বৃষ্টি সরকার বেশ কয়েকবার সংসার ছেড়ে চলে গেলেও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ফিরে আসেন।

বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে জয় সরকার হঠাৎ উত্তেজিত হয়ে তার স্ত্রী ও সন্তানকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। একপর্যায়ে সেই একই ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই বৃষ্টি সরকারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জয় ও তার শিশুকন্যা জিনিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে বাবা ও মেয়ের মৃত্যু হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, ‘জয় সরকার অত্যন্ত বেপরোয়া প্রকৃতির ছিলেন এবং মাদকাসক্তির কারণে মানসিকভাবেও বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়ে নিজে আত্মঘাতী হয়েছেন।’

ওসি আরও জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাটিতে এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এম এ রাজ্জাক/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর