সরকার কঠোর না হলে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় : বিরোধীদলীয় হুইপ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০১:১১
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সরকার কী পদক্ষেপ নেয়, জনগণ তা দেখার অপেক্ষায় রয়েছে। তিনি উল্লেখ করেছেন, সরকার কঠোর না হলে শুধু সভা, সমাবেশ ও বক্তব্য দিয়ে দুর্নীতিকে নির্মূল করা সম্ভব নয়। দলীয় নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রশাসন সম্মিলিতভাবে সচেতন হলে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং গড়ে তোলা যাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিআরডিবি মিলনায়তনে উল্লাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম আরও বলেন, পবিত্র রমজান কোরআন নাজিলের মাস। মুসলমানদের কাছে এ মাস অতিগুরুত্বপূর্ণ। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই কোরআনের মর্যাদা রক্ষার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
এএস/

