পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:২৪
ঝিনাইদহে একটি পেট্রোল পাম্পে তেল দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের মারধরে নিরব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
ঝিনাইদহে একটি পেট্রোল পাম্পে তেল দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের মারধরে নিরব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম ও দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র্যাব।
নিহত নিরব হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে ফাস্টফুডের ব্যবসা করতেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে নিরব হোসেন একটি বোতলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান। তবে পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। পরে তিনি পাশের আরেকটি পাম্পে যান। সেখান থেকে ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নিরবের খালাতো ভাই সোহেল হোসেন জানান, নিরব সরকারি বালক বিদ্যালয়ের সামনে ফাস্টফুডের দোকান দিয়েছিল। সে ঝিনাইদহ শহরে মামার বাড়িতে থাকত। কয়েকজন বন্ধুর সঙ্গে সে শহরের সৃজনী পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে গিয়েছিল।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল সুমন বলেন, হাসপাতালে আনার কয়েক মিনিট পর নিরবের মৃত্যু হয়। তার শরীরে (কান ও মাথায়) আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে।
এ ঘটনায় পাম্পের মালিক হারুন অর রশিদ বলেন, আমি ঢাকায় আছি। পাম্পে একটি ঘটনা ঘটেছে, বিষয়টি জানতে পেরেছি। তবে কী নিয়ে ঘটনা তা এখনও জানতে পারিনি।
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, তেল নিতে এলে পাম্পের লোকদের সঙ্গে তাদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে যে যুবক তেল নিতে এসেছিল, তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। ঘটনার পর পাম্পের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বাকিটা তদন্ত করে বলা যাবে।
ঝিনাইদহ সদর থানার ওসি ফয়সাল আরেফীন জানান, শহরের তাজ ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়ে মাপ নিয়ে নিরবের সঙ্গে ঝামেলা হয়। এ সময় ফিলিং স্টেশনের তিনজন তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এম বুরহান উদ্দীন/এমবি

