মায়ের সঙ্গে ঈদের কেনাকাটায় গিয়ে প্রাণ গেল স্কুলছাত্র ফাহাদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ২২:৫০
লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণাধীন একটি দোকানের দেওয়াল ধসে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঈদের পোশাক কিনতে মায়ের সঙ্গে বাজারে এসে মায়ের চোখের সামনেই প্রাণ হারাতে হয় তাকে। ছেলের মৃত্যু দেখে তার মা নাছিমা বেগম অচেতন হয়ে পড়েন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, পৌরসভার অনুমতি ছাড়াই সরকারি খালের ওপর দোকানটির নির্মাণকাজ চলছিল।
রোববার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় আল মনসুর ড্রাগ হাউসের নির্মাণাধীন অংশের দেওয়াল ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে উপজেলার ইছাপুর ইউনিয়নের বাসিন্দা খোরশেদ আলমের কোমর ভেঙে গেছে বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত ফাহাদ রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের আহমদ আলী গাজী বাড়ির সৌদি প্রবাসী আলমগীর হোসেন বকুলের ছেলে। সে স্থানীয় নিচহরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহাদ তার মা নাছিমা বেগমকে নিয়ে বাজারে আসে। তারা ঈদের পোশাক কেনার পাশাপাশি একটি সেলাই মেশিন মেরামত করতে যান। আল মনসুর ড্রাগ হাউসের পাশেই মেশিনটি ঠিক করা হচ্ছিল।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফাহাদ তার মায়ের সঙ্গে দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ডান দিকে পা বাড়ানোর মুহূর্তে নির্মাণাধীন অংশের পুরোনো দেওয়াল ভেঙে তার ওপর পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও পাঁচজন আহত হন। তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার অনুমোদন ছাড়াই সরকারি খালের ওপর পুরোনো দোকান ভেঙে নতুন করে ভবন নির্মাণ করছিলেন ড্রাগ হাউসের মালিক ও রামগঞ্জ মডেল কলেজের শিক্ষক মনির হোসেন। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ফারাশিদ বিন এনাম বলেন, দোকান নির্মাণে কোনো অনুমতি নেওয়া হয়নি। পুরোনো দেওয়াল রেখে পেছনে নতুন করে দোকান নির্মাণের কাজ চলছিল। সেই দেওয়াল ভেঙে পড়ে ফাহাদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ফাহাদ ও তার মা পথচারী ছিলেন। হঠাৎ দেওয়াল ধসে পড়ায় সে নিহত হয় এবং তার মা আহত হন। ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

