আলফাডাঙ্গায় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিকাণ্ড নির্বাপন বিষয়ক মহড়া
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ২০:০৫
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী কর্মসূচিতে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এক বিশেষ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় বহুতল ভবনে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার, বাসাবাড়িতে অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং বিশেষ করে রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে তা দ্রুত ও নিরাপদ উপায়ে নেভানোর বিভিন্ন কৌশল হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্যোগ প্রস্তুতির বিভিন্ন কৌশল জানা থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। ফায়ার সার্ভিসের এই মহড়া সাধারণ মানুষকে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি সামাল দিতে উৎসাহিত করবে।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রাহাত ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমান, আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কহিনুর ইসলাম ও বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া প্রমুখ।
মিয়া রাকিবুল/এসএসকে/

