ছবি: সংগৃহীত
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তিনি ঘন ঘন মত–পথ বদল করেন না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিএনপি ক্ষমতায় এলে জাতির পিতা জিয়াউর রহমান—এ ধরনের চিন্তা তিনি করেন না।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে কাদের সিদ্দিকীর নিজ বাসভবনে ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, তিনি যেমন বঙ্গবন্ধুর অবদান সমস্ত অন্তর দিয়ে স্বীকার করেন, তেমনি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানও অবিস্মরণীয় হিসেবে স্বীকার করেন। তাই কী বাদ দেওয়া হলো আর কী রাখা হলো—এটা বড় কথা নয়। দেশের মানুষের কাছে কোনটা গ্রহণযোগ্য, সেটাই বড় বিষয়।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ আগস্ট নির্মমভাবে নিহত হয়েছেন। এই দিবসটি পালন করা হোক বা না হোক—মূল বিষয় হলো এটি মানুষের অন্তরে থাকা। যদি বাংলার মানুষের অন্তরে থাকে, সেটাই হবে সার্থকতা। তবে ৭ মার্চের ভাষণ স্থগিত করা বুদ্ধিমানের কাজ নয়। এতে বাঙালির ঐতিহ্য ভূলুণ্ঠিত হবে।
সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের হট্টগোল প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, গণতন্ত্র থাকলে হট্টগোল থাকবে। তাঁর মতে, বর্তমান সরকার সঠিক কাজ করেছে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তারেক রহমানের এটি শ্রেষ্ঠ সিদ্ধান্ত।
তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ সাধারণত সরকার লিখে দেয়। সরকার যা লিখে দেয়, রাষ্ট্রপতিকে সেটিই পড়তে হয়। এ রাষ্ট্রপতিও তাই পড়েছেন। এতে তিনি কোনো ভুল করেননি। যেভাবে দেওয়া হয়েছে, সেভাবেই তিনি উপস্থাপন করেছেন।
কাদের সিদ্দিকী বলেন, তাঁরা চান গণতান্ত্রিক পদ্ধতি বজায় থাকুক। সেখানে দেশের মানুষের সম্মান থাকুক এবং মানুষের ইচ্ছা–অনিচ্ছার গুরুত্ব দেওয়া হোক। এ ছাড়া অন্য কিছু তাঁদের চাওয়া নেই।
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছবুর খান এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাল মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এএস/

