Logo

সারাদেশ

সৌদি আরবের উপহারের খেজুর পেল আলফাডাঙ্গার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৭:১০

সৌদি আরবের উপহারের খেজুর পেল আলফাডাঙ্গার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা

পবিত্র রমজানে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতারে বাড়তি আনন্দ যোগ করেছে সৌদি আরবের বাদশা প্রতিষ্ঠিত ‘কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড আ্যন্ড রিলিফ সেন্টার’-এর উপহারের খেজুর।

গত বৃহস্পতিবার দিনভর উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠানে এসব উন্নতমানের খেজুর পৌঁছে দেওয়া হয়।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ কার্টন (৯৬ কেজি) খেজুর স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত হকদার প্রতিষ্ঠানে বণ্টন করা হয়েছে। বিতরণ কার্যক্রমে সশরীরে উপস্থিত থেকে তদারকি করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।

​এ বিষয়ে ইউএনও রিফাত নূর মৌসুমী জানান, মাহে রমজানে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতারে এই উন্নতমানের খেজুর বিশেষ সহায়ক হবে। তিনি আরও বলেন, 'এই উপহারের মাধ্যমে সৌদি আরবের জনগণের সাথে আমাদের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হলো। প্রশাসন সবসময় চেষ্টা করছে এ ধরনের মানবিক সহায়তাগুলো সরাসরি সুবিধাভোগীদের হাতে পৌঁছে দিতে।'

​এদিকে রমজানের মাঝপথে এ ধরনের মানসম্মত উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। তারা মনে করছেন, প্রশাসনের এমন তৎপরতায় অসহায় ও এতিম শিশুদের ইফতারে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর