দাউদকান্দিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৭:৩৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন।
প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে ৫০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী। শুক্রবার বিকেলে নোয়াগাঁওয়ে সংগঠনটির কার্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার অসচ্ছল পরিবারের সদস্যরা উপস্থিত থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী গ্রহণ করেন।
স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সভাপতি ইমরান হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রাসেল এনাম রনি জানান, ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন শুরু থেকেই মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের সামাজিক কাজে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই পবিত্র ঈদকে সামনে রেখে প্রবাসীদের সহায়তায় এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল ব্রয়লার মুরগি, সয়াবিন তেল, পেঁয়াজ, পোলাওয়ের চাল, প্যাকেট দুধ, কিসমিস, সেমাই, নুডলস ও চিনি। এসব সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সদস্যরা—সাইফুল ইসলাম, রিফাত ইসলাম রাফি, শাহপরান, কাউছার মোল্লা, পলাশ মিয়া, রুহুল আমিন, আকাশ, ওবায়দুল, ইব্রাহিম, ইমরান ও হুমায়ুন। এছাড়া নোয়াগাঁও কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি নেয়াম-উল্লাহ খলীলিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। ভবিষ্যতেও স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করবে—এমন প্রত্যাশা প্রকাশ করেন তারা।

