কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ২৩:৩৬
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারের পাঁচ আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের বোন ঝর্না বেগম (৪০), তার স্বামী মুফতি আব্দুল মমিন (৫০), মেয়ে লাবিবা (১৮) ও ছেলে সাইফ (৭)। তারা নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। এছাড়া নিহত অপরজন প্রাইভেট কারের চালক জামাল হোসেন, যার বাড়ি বরিশালে।
পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার কালাকচুয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
গুরুতর আহত চালক জামাল হোসেন ও যাত্রী আবরারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। আহত আবরার সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

