তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৩১
ছবি: সংগৃহীত
নড়াইলে জ্বালানি তেল না পেয়ে বাগবিতণ্ডার পর একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে (ম্যানেজার) ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে।
হত্যার শিকার মো. নাহিদ সরদার নড়াইল সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় গুরুত আহত হয়েছেন নাহিদের মোটরসাইকেলে থাকা বন্ধু জিহাদুল মোল্যা। জিহাদুল তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে।
তানভীর ফিলিং স্টেশনের কর্মচারীরা বলেন, শনিবার রাতে সুজাত নামের এক ট্রাকচালক তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যবস্থাপক নাহিদ সরদারের সঙ্গে ট্রাকচালকের বাগ্বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে চালক প্রকাশ্যে ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।
ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, বাগ্বিতণ্ডার পর ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করছিলেন। দিবাগত রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে মোটরসাইকেলে করে বন্ধু জিহাদকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে।
ফিলিং স্টেশনের কর্মীর বলেন, হুমকির ঘটনার পর নাহিদ বের হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকচালক বের হলে আমাদের সন্দেহ হয়। আমরাও বের হই। গিয়ে দেখি, পাম্প থেকে একটু সামনে নাহিদের মোটরসাইকেলটি চাপা দিয়ে চলে যাচ্ছে ট্রাকটি। এ সময় ঘটনাস্থলেই নিহত হন নাহিদ। তার মোটরসাইকেলে থাকা জিহাদুল ইসলামকে গুরুতর আহত অবস্থা নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, নাহিদের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশের খবর/আরইউ

