কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি:
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫১
সংগৃহীত
কুষ্টিয়া জেলায় হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। সর্বশেষ ১৮ ঘণ্টার ব্যবধানে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে, যা স্থানীয়ভাবে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম (৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়। সে দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে শুক্রবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, শিশুটি গুরুতর অবস্থায় হাসপাতালে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একই রাতে আরেক শিশুর মৃত্যু
একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আইজা (৫ মাস) নামে আরও এক শিশুর মৃত্যু হয়। সে কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার বাসিন্দা মমিনুর রহমানের মেয়ে।
গত চার দিন ধরে সে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসাধীন ছিল বলে জানা গেছে।
হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ৩০ মার্চ গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।
জেলায় মোট ৪ শিশুর মৃত্যু
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চারজন শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আফরান (৮ মাস) নামে আরও এক শিশুর মৃত্যু হয়।
বাড়ছে আক্রান্তের সংখ্যা
স্বাস্থ্য বিভাগ জানায়- গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী: ৩২০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি: ২৩০ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে: ৫-৬ জন শিশু।
স্বাস্থ্য বিভাগের সতর্কতা
বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে- বিশেষ করে যখন এর সঙ্গে নিউমোনিয়ার মতো জটিলতা যুক্ত হয়।
তারা অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশের খবর/আরকে

