মানিকগঞ্জে জনপ্রতিনিধির নিজ ঘরই জরাজীর্ণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২১:০০
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের এক নারী জনপ্রতিনিধির নাম ধলা ভুরু। তিনি হরগজ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য। যিনি দিনরাত ছুটে বেড়ান মানুষের সেবায়। যার হাত ধরে অনেকে পেয়েছেন সরকারি সহায়তা। কিন্তু সেই ধলা ভুরুর নিজের ঘরটির বেহাল অবস্থা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ধলা ভুরুর টিনের ঘরটি জরাজীর্ণ। ঘরের চালের ওপর অসংখ্য ফুটো। সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। বিছানা, আসবাবপত্র ভিজে যায়। বৃষ্টির সময় পলিথিন টাঙিয়ে, কাটে তার দিন রাত। আর এই ঘর নিয়েই তার লড়াই। লড়াই শুধু প্রকৃতির সঙ্গেই নয়, জীবনেও।
ধলা ভুরুর গলায় যখন কষ্টের সুর। তিনি বলেন, “আমি ভোটে জিতে মানুষের সেবা করতে এসেছি। চেষ্টা করি কারো যেন কষ্ট না হয়। কিন্তু আমার নিজের ঘরখানার অবস্থা খুব খারাপ। একটু বৃষ্টি হলেই সব ভিজে যায়।” চোখেমুখে বিষাদের ছাপ নিয়ে তিনি যুক্ত করেন, “এই ঘর দেখেই আমার ছেলের বউ চলে গেছে। সে বলেছে, এ ঘরে থাকতে পারবে না।”
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ধলা ভুরু অত্যন্ত সাদামনের মানুষ। এলাকার গরিব-অসহায় মানুষের পাশে তিনি সবার আগে দাঁড়ান। সরকারি অনুদান হোক বা ব্যক্তিগত সহযোগিতা- স্বচ্ছতা ও নিষ্ঠার কোনো কমতি নেই তার।
কিন্তু যে হাতে অন্যের ঘর বাঁধেন, সেই হাত দিয়ে নিজের ঘর বাঁধতে পারেন না। সরকারি সহায়তায় একটি মাথা গোঁজার ঠাঁই পেতে স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তিনি।
এলাকার সচেতন মহলের অভিমত, যিনি দিনরাত মানুষের কল্যাণে কাজ করছেন, তার এমন মানবেতর জীবন অত্যন্ত দুঃখজনক। দ্রুত তদন্ত করে তাকে একটি সরকারি ঘর দেওয়ার ব্যবস্থা করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
বিকে/মান্নান

